Apan Desh | আপন দেশ

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৩, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৯, ১৯ নভেম্বর ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

ছবি: আপন দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে সাদিকুল ইসলাম হত্যার ঘটনায় করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন, তদন্তের স্বার্থে পরে তার রিমান্ড চাওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন উত্তরা পশ্চিম থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মোড়ল। এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন বলে দাবি তদন্ত-সংশ্লিষ্টদের। এসব তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশের আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা। সক্রিয়ভাবে অংশ নেয়ার অভিযোগ রয়েছে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

আরও পড়ুন<<>>সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

এছাড়া অপরাধ সংঘটনে তিনি নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন—এমন তথ্য-প্রমাণ পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে আবেদনে। তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়ার লক্ষ্যে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র সাদিকুল। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করেন এবং মারধর ও গুলি চালান। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়