Apan Desh | আপন দেশ

পোশাকখাতে ১৮ দিনে অর্ডার বাতিলসহ ক্ষতি ৬৮২ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৬, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:১২, ২২ নভেম্বর ২০২৬

পোশাকখাতে ১৮ দিনে অর্ডার বাতিলসহ ক্ষতি ৬৮২ মিলিয়ন ডলার

ছবি: আপন দেশ

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার বড় ধরনের প্রভাব পড়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার।

একই সময়ে অর্ডার বাতিল হয়েছে ৫৯ মিলিয়ন পিস পোশাকের। যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ও ক্রেতাদের আস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি ও নানা ধরনের বিঘ্নের কারণে কারখানাগুলো উৎপাদন কার্যক্রম চালাতে বাধার মুখে পড়ে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালায় সংগঠনটি। এতে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তাদের তথ্য দিয়েছে।

জরিপে দেখা গেছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসব কারখানার উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে শুধু উৎপাদন খাতেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। যা রফতানিমূল্য বা এফওবি ভিত্তিতে হিসাব করা হয়েছে।

আরও পড়ুন <<>> নির্মাণশিল্পে অবদানে ৯ প্রকৌশলী-স্থপতিকে সম্মাননা আকিজ রেডিমিক্সের

উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় রফতানি আদেশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে কারখানাগুলোকে বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। কোথাও কোথাও বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে সরাসরি ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিতেও পড়তে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেয়ার ঘটনায়। বিজিএমইএর জরিপে অংশ নেয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাকের নিশ্চিত করা ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর দাবি, জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকৃত পরিস্থিতির তুলনায় অনেক কম। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। তবে স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। ফলে বিপুলসংখ্যক কারখানার ক্ষয়ক্ষতির তথ্য এখনো এ হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।

এছাড়া জরিপে ১৮ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় নেয়া হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা এখনো অব্যাহত রয়েছে। এ কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

বিজিএমইএ বলছে, এ সংকটের প্রভাব শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনাও ঝুঁকির মুখে পড়ছে। ক্রেতাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেয়ার ঘটনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি। বিজিএমইএর মতে, দেশের অর্থনীতি এবং তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত শিল্পের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।

আপন দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: