ছবি: আপন দেশ
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। স্বাভাবিক নিয়মেই চলছে অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান। সড়কে রয়েছে যানবাহন ও মানুষের ব্যস্ততা, কোথাও কোথাও তৈরি হয়েছে যানজটও।
অন্যদিকে, কথিত লকডাউনের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে লকডাউনের মধ্যেও অনেকটা স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরেছে জনজীবন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর সড়ক, অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম ছিল স্বাভাবিক। কর্মজীবী মানুষও অন্যান্য দিনের মতো নিজ নিজ কর্মস্থলে গেছেন।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। গণপরিবহন চলাচলও ছিল স্বাভাবিক।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিপণিবিতান ও দোকানপাট খোলা থাকায় দৈনন্দিন কাজে বের হওয়া মানুষকে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।
রাজধানীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউন কর্মসূচির কারণে তাদের দৈনন্দিন কাজে তেমন কোনো প্রভাব পড়েনি।
তবে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা চান না তারা। শান্তিপূর্ণ পরিবেশে কাজকর্ম চালিয়ে যেতে চান সাধারণ মানুষ।
যাত্রাবাড়ীর দোকানি মামুন গণমাধ্যমকে বলেন, কিসের লকডাউন, আমরা কোনো লকডাউনের খবর জানি না। গাড়িতে আগুন দেয়া বা ভাঙচুর কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আমরা স্বাভাবিক জীবন চাই।
অন্যদিকে বেসরকারি চাকরিজীবী মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পলাতক কোনো দলের আহবান জনগণ মানে না। তারা লকডাউন দিতে চাইলে দেশে এসে কর্মসূচি দিক। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কোনো যৌক্তিকতা নেই।
এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। তবে নিরাপত্তা জোরদারের কারণে সাধারণ মানুষের চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি।
এর আগে লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার আশঙ্কা তৈরি হয়।
তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীতে যানবাহন চলাচল, অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে।

স্বাভাবিক ঢাকা, সড়কে যানবাহন-মানুষের ভিড় : রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ও মানুষের দৈনন্দিন কার্যক্রম ছিল স্বাভাবিক।
মিরপুর, গুলশান, বনানী, হাতিরঝিল, তেজগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই মানুষের চলাচল দেখা গেছে। সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলেছে অন্যান্য দিনের মতোই। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে সাধারণ মানুষকে।
তবে ঝিরিঝিরি বৃষ্টি ও শীতের কারণে সকালে সড়কে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বাড়ে। নগরের কয়েকটি এলাকায় যানজটও দেখা যায়।
গুলশান এলাকার ট্রাফিক পরিদর্শক আ. বহমান জানান, সকালে যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বর্তমানে অন্যান্য দিনের মতোই ট্রাফিক পুলিশকে যানবাহনের চাপ সামলাতে হচ্ছে।
এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক।
পুলিশ সূত্র জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে বন্দরনগরী চট্টগ্রামে কোনো সাড়া মেলেনি।
হস্পতিবার (১৯ নভেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে চট্টগ্রাম বন্দর, সরকারি-বেসরকারি তিনটি ইপিজেড, মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ এ এলাকার প্রতিটি শিল্পকারখানা পুরোদমে সচল রয়েছে।
সকাল থেকেই নগরীতে স্বাভাবিক যানবাহন চলাচল করছে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্বিক গতিও স্বাভাবিক। তবে চট্টগ্রাম বন্দর এলাকায় সড়কে যানজট দেখা গেছে।
স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া আওয়ামী লীগের কর্মসূচির ছিটেফোঁটা প্রভাবও নেই এবং দলের কোনো তৎপরতা চোখে পড়েনি।
কর্মসূচি ঘোষণা করলেও নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
সাধারণ মানুষের ক্ষোভের কথা তুলে ধরে স্থানীয়রা জানান, বিগত দেড় দশকের মাফিয়াতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা যে পরিবর্তন এনেছে। অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে দেশকে এগিয়ে নিচ্ছে। তার বিরুদ্ধে গিয়ে ভারতের নীলনকশা বাস্তবায়নে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নগরীর বিভিন্ন মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
এদিকে লকডাউনের কোনো প্রভাব না থাকলেও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজারে নাহার এগ্রোর একটি পোল্ট্রি খাদ্যবোঝাই কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে চট্টগ্রামমুখী লেনে যানজট শুরু হয়।
এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে সড়কের মাঝে দুটি কাভার্ডভ্যান উল্টে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এতে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন।
গাজীপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকচালক সুজা উদ্দিন জানান, যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন; কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলতে পারছেন না।
বারইয়ারহাট থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য চয়েস পরিবহনের বাসে ওঠা ইব্রাহিম খলিল জানান, ২০ মিনিটে বারইয়ারহাট থেকে বড়তাকিয়া পৌঁছালেও এখানে যানজটে আটকে পড়ে কতক্ষণ লাগবে তা বুঝতে পারছেন না।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































