ছবি: আপন দেশ
কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠান হয়।
রোববার (২২ নভেম্বর) কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস ও সাধারণ সম্পাদক মালেকা বানু।
কবির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবিকন্যা, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল এবং ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পূরবী তালুকদার। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সংগঠন উপপরিষদের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজিলা খাতুন লতা।
অনুষ্ঠনের শুরুতে প্রয়াত কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ এবং ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে দুটি দলীয় গান পরিবেশন করেন বাংলাদেশ মহিলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। কবির রচনা থেকে পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদ সদস্য সিরাজুম মুনিরা এবং জারিন তাসনিম চৌধুরী। একক গান পরিবেশন করেন সংগঠন উপপরিষদের সদস্য আফরা আনতারা এবং বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য পরমা সরকার।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জননী সাহসিকা কবি সুফিয়া কামালের অসামান্য জীবনদর্শন, আদর্শ এবং দেশ গঠনে তার অসীম অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নারী অধিকার, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন।
এছাড়া, বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় ও হানাহানি দূর করতে তার আদর্শ অনুসরণ করার উপর বিশেষ জোর দেন বক্তারা। পাশাপাশি কবির রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে একটি সমতাপূর্ণ সমাজ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন <<>> এলিফ শাফাকের সাক্ষাৎকার: ভেঙ্গে পড়া পৃথিবীতে সাহিত্য জরুরি কেন
স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, প্রয়াণের ২৭ বছর পরও কবি সুফিয়া কামাল আমাদের মাঝে সাহস, ভরসা ও প্রেরণার উৎস হয়ে আছেন। তিনি আজীবন সামাজিক কুসংস্কার, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। গণতন্ত্র, ভাষার অধিকার, নারী অধিকার ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রজন্মের নারী অধিকারকর্মী, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। তার স্বপ্ন ছিল ধর্ম, বর্ণ ও নারী-পুরুষের বৈষম্যহীন একটি সাম্যভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠা। তার রেখে যাওয়া আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে পরবর্তী প্রজন্মকে সাহস ও দৃঢ়তার সঙ্গে সংগ্রাম অব্যাহত রাখার আহবান জানান তিনি।
বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না বলেন, কবির জন্ম ও প্রয়াণ দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে সকলের একত্রিত হওয়ার মধ্য দিয়ে নতুন করে তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার, তার দেখানো পথে চলার এবং নিজেদের নতুন করে শপথ নেয়ার একটি সুযোগ তৈরি হয়। এ ধরনের আয়োজনের একটি বিশেষ প্রয়োজনীয়তা হলো যতবার একত্রিত হয়ে তার আদর্শ ধারণের অঙ্গীকার করা হবে, ততবারই সমাজের প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য নতুন শক্তি ও সাহস অর্জন করার সুযোগ তৈরি হবে। আজকের এ প্রতিকূল সময়ে প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে লড়াই করে সামনে এগিয়ে যেতে হয়, সে শিক্ষা তার জীবন থেকেই পেতে পারি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































