ছবি: আপন দেশ
সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদাসীনতাকে দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি অভিযোগ করেছেন, মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপের অভাবেই এমন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ হামলাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার ফল হিসেবে উল্লেখ করেন।
ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সাদিক কায়েমের অভিযোগ অনুযায়ী, রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে অবস্থিত তার গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রোলবোমা ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন, তবে এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
আরও পড়ুন <> প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল
জামায়াতের সেক্রেটারি জেনারেল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদাসীনতার কারণেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে।
তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহবান জানান।
তিনি বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































