মুফতি রুহুল আমিন। ফাইল ছবি
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুফতি রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।
আরও পড়ুন <<>> আরও ৫০ পয়েন্টে বসছে এআই সিগন্যাল
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে যান মুফতি রুহুল আমিন। ওই সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় মসজিদের দরজা-জানালাও।
এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































