Apan Desh | আপন দেশ

২৫ কোটি টাকা আত্মসাৎ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২০, ১৯ নভেম্বর ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর জাভেদপত্নী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনের সাজা হয়েছে। বাকি ১৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাদের খালাস দিয়েছেন আদালত।

১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, রুকমীলা জামান, মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।

আরও পড়ুন<<>>সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

মামলার অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করেন।

এরপর হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের ২৪ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে। এ মামলায় চলতি বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়। মামলায় সাক্ষী করা হয় ৯২ জনকে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়