ছবি: আপন দেশ
একই মন্ত্রণালয়, একই দফতর। একই প্রশাসনিক কাঠামোয় দায়িত্ব পালন করলেও অসুস্থ মন্ত্রীর পাশে দেখা গেল না সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে। এ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
হৃদ্যন্ত্রে দুটি রিং (স্টেন্ট) বসানোর পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতাল থেকে মিন্টো রোডের বাসায় ফেরেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরসহ একটি প্রতিনিধিদল।
এছাড়া তাকে দেখতে যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিশিষ্ট ব্যক্তিরা। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কয়েকজন মন্ত্রীও ফুল পাঠিয়ে সহমর্মিতা জানান।
তবে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতির মধ্যেও স্বাস্থ্যমন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে যাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা মন্ত্রীর অসুস্থতার সময়ে প্রতিমন্ত্রীর এমন অনুপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন <<>> বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন: মির্জা আব্বাস
রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, এটি নিছক সৌজন্য সাক্ষাতের বিষয় নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের গুরুত্বপূর্ণ প্রকাশ। এমন সময়ে প্রতিমন্ত্রীর অনুপস্থিতি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়েও নানা সমালোচনার জন্ম দিয়েছে।
তাদের প্রত্যাশা, ব্যক্তিগত দূরত্ব কিংবা রাজনৈতিক মনোমালিন্য ভুলে দায়িত্বশীল ব্যক্তিরা পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করবেন। কারণ, বিভেদ নয়, সমন্বিত উদ্যোগই পারে দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর এনজিওগ্রামে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে দুটি স্থানে স্টেন্ট বসানো এবং অন্যটিতে বেলুনের মাধ্যমে চিকিৎসা করা হয়।
আপন দেশ/এসএস




































