Apan Desh | আপন দেশ

ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুরের নিহতের গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুরের নিহতের গুঞ্জন

মোহাম্মদ পাকপুর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হতে পারেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, সকালে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় পাকপুর গুরুতরভাবে আক্রান্ত হন এবং তিনি নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ থেকে নিশ্চিত কোনো ঘোষণা দেয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। একই হামলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কয়েকজন শীর্ষ ব্যক্তিও নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন <<>>ট্রাম্পকে থামতে বলল ওমান

এর আগে চলতি বছরের শুরুতে আইআরজিসির বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য দিয়ে জেনারেল পাকপুর যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, পূর্ববর্তী সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা অনুযায়ী ভুল সিদ্ধান্ত নিলে প্রতিপক্ষকে ‘বেদনাদায়ক পরিণতি’ ভোগ করতে হবে।

শনিবারের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণের প্রতি আহবান জানিয়ে দেশটির ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা বলেন।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া ইরানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হামলায় বিপ্লবী গার্ডের একাধিক জ্যেষ্ঠ কমান্ডার ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হয়েছেন। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় নিহতদের সংখ্যা ও পরিচয় নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়