ছবি: আপন দেশ
আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ও নতুনের জয়গানে পঞ্চগড়ে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে জেলা জুড়ে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসব নির্বিঘ্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনসহ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ঢাক-ঢোলের শব্দ আর বৈশাখী সাজে পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
শোভাযাত্রা শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা ও লোকজ সংস্কৃতি আগত দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে শিশুদের রঙ-বেরঙের বৈশাখী সাজ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া। তাদের পোশাকে ও সাজসজ্জায় আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির প্রতিফলন ফুটে ওঠে।
আরও পড়ুন<<>>চরভদ্রাসনে উৎসাহ-উদ্দীপনায় নববর্ষ উদযাপিত
শোভাযাত্রা ও আলোচনা সভায় নেতৃত্ব দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন এবং পুলিশ সুপার রবিউল ইসলাম। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড এবং দুইটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।
অপরদিকে নববর্ষের উৎসব ঘিরে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
১৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নির্বিঘ্নে কৃষক কার্ড বিতরণের জন্য দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































