Apan Desh | আপন দেশ

‘মঙ্গল’ নামেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৩, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:০৯, ১৩ এপ্রিল ২০২৬

‘মঙ্গল’ নামেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

ফাইল ছবি

চিরায়ত সংস্কৃতি ও নিজস্ব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে বর্ষবরণ পর্ষদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিনে রাজধানীর ধানমন্ডিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

‘জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন’—এ মূলমন্ত্র নিয়ে সকাল ৯টায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে। শোভাযাত্রা শেষে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজক কমিটির সদস্য ও তক্ষশীলা বিদ্যালয়ের অধ্যক্ষ নাদিমুল ইসলাম বলেন, দেশের সৃজনশীল ও প্রগতিশীল মানুষরাই এ আয়োজন করছে, যারা বাঙালি সংস্কৃতিকে ধারণ করতে চায়।

তিনি বলেন, বর্তমানে অনেকেই ইউরোপ-আমেরিকার অনুকরণে আতশবাজির মাধ্যমে বর্ষবরণ করছে, যা পরিবেশ ও প্রাণিকুলের জন্য ক্ষতিকর। অন্যদিকে আরব সংস্কৃতিতে চাঁদ দেখে নতুন বছর শুরু করা হয়। কিন্তু বাঙালি সংস্কৃতির মূল ধারা হলো সকালে বর্ষবরণ।

আরও পড়ুন <<>> পহেলা বৈশাখে যান চলাচলে বিশেষ নির্দেশনা

নাদিমুল ইসলাম জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ শোভাযাত্রার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে এ শোভাযাত্রার সূচনা হয়। তখন এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। ১৯৯০ সালে অমঙ্গল দূর করে মঙ্গলের আহবানে এর নাম পরিবর্তন করে ‘মঙ্গল শোভাযাত্রা’ রাখা হয়।

দীর্ঘ সময় ধরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামেই এটি বিশ্বজুড়ে পরিচিতি পায়। ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার এর নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করে। পরে চলতি বছরে এর নতুন নাম নির্ধারণ করা হয় ‘বৈশাখী শোভাযাত্রা’।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ আয়োজনকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দেয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়