Apan Desh | আপন দেশ

হিলিয়াম গ্যাস রফতানিতে কড়াকড়ি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৩, ১৫ এপ্রিল ২০২৬

হিলিয়াম গ্যাস রফতানিতে কড়াকড়ি রাশিয়ার

ফাইল ছবি, আপন দেশ

রুশ সরকার ২০২৭ সালের শেষ পর্যন্ত হিলিয়াম রফতানি সীমিত করেছে। ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এ বিরল গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। এর পরেই রাশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। সেমিকন্ডাক্টর উৎপাদন ও মেডিক্যাল ইমেজিং থেকে শুরু করে রকেট জ্বালানি ও ওয়েল্ডিং পর্যন্ত সব কিছুতেই হিলিয়াম গ্যাস ব্যবহার হয়। 

২০২৫ সালের ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, কাতার ও যুক্তরাষ্ট্রের পর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম হিলিয়াম উৎপাদক।

হিলিয়াম হলো প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণের একটি উপজাত। ইরানের যুদ্ধের কারণে কাতারে প্রক্রিয়াজাতকরণে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে, ফলে এর মূল্য আকস্মিকভাবে বেড়ে গেছে।

নতুন এ পদক্ষেপের অধীনে মস্কো নেতৃত্বাধীন ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের বাইরের দেশগুলোতে হিলিয়াম রফতানির জন্য শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধান এবং প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বা তার প্রতিনিধিদের সরাসরি অনুমোদন প্রয়োজন হবে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রুশ কর্মকর্তারা জানিয়েছেন—রফতানি নিয়ন্ত্রণের উদ্দেশ্য হলো দেশের ভেতরের বাজারে সরবরাহ স্থিতিশীল রাখা। 

আরও পড়ুন<<>>বিশ্ববাজারে কমছে তেলের দাম

২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বড় নির্বাহী আদেশে এ ধরনের অর্থনৈতিক পদক্ষেপ অনুমোদন করেছিলেন। যাতে পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে রাশিয়ার অর্থনীতি রক্ষা করা যায়।

মঙ্গলবার বিকেল পর্যন্ত সরকারের ওয়েবসাইটে কোনো আনুষ্ঠানিক অধ্যাদেশ প্রকাশিত হয়নি। তবে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, এটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণগুলো কার্যকর হবে। গত সপ্তাহে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন জ্বালানি ও শক্তি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন।

তিনি সতর্ক করে বলেন, বিশ্বে তেল ও গ্যাসের দাম বাড়ছে এবং ইরান যুদ্ধের কারণে হিলিয়ামসহ গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহ কমে যাচ্ছে। তিনি আরও বলেন, এতে চিকিৎসা সরঞ্জাম, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্লাস্টিক, প্যাকেজিং এবং চিকিৎসা যন্ত্রাংশসহ অনেক পণ্যের উৎপাদন ঝুঁকিতে পড়ছে।

চীনের সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার সবচেয়ে বড় হিলিয়াম উৎপাদন কেন্দ্র হলো গ্যাজপ্রমের আমুর গ্যাস প্রসেসিং প্লান্ট। আর চীনই রাশিয়ার হিলিয়ামের সবচেয়ে বড় ক্রেতা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়