Apan Desh | আপন দেশ

‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৭, ১৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:১৮, ১৫ এপ্রিল ২০২৬

‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেফতার

ছবি: সংগৃহীত

মেয়ে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব, এরপর ব্ল্যাকমেইল ও যৌন সহিংসতার মাধ্যমে অপরাধ—এমন কৌশলে জড়িত এক ‘সিরিয়াল রেপিস্ট’কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। এর আগে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে দনিয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তি রাশেদুল ইসলাম রাব্বি (৩০)। তিনি মূলত রাজধানীর মিরপুর এলাকার মেয়েদের টার্গেট করতেন। পরে তাদের যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিজের আস্তানায় নিয়ে গিয়ে যৌন নিপীড়ন ও ভিডিও ধারণ করতেন।

পুলিশ জানায়, রাশেদুল নারী পরিচয়ে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলতেন। এরপর মিরপুর এলাকার মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। একপর্যায়ে মেট্রো স্টেশনের নিচে দেখা করার কথা বলে তাদের দনিয়া কলেজ ও বর্ণমালা স্কুল সংলগ্ন এলাকায় নিয়ে যেতেন। সেখানে তার দুটি নির্দিষ্ট বাসা ছিল। দিনের বেলায় এক বাসায় এবং রাতে অন্য বাসায় ভিকটিমদের নেয়া হতো। এরপর তাদের ওপর যৌন নির্যাতন চালিয়ে ভিডিও ধারণ করা হতো। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নিয়মিত টাকা আদায় করতেন তিনি।

তদন্ত কর্মকর্তারা জানান, প্রথমে একটি পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচজন ভিকটিমের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী তদন্তে আরও ১০টি নতুন অভিযোগের তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, রাশেদুল তার বর্তমান স্ত্রীকেও একই কৌশলে ফাঁদে ফেলে বিয়ে করেছিলেন।

ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রযুক্তিগতভাবে দক্ষ। তিনি ভিকটিমদের ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলার কথা বলে বারবার টাকা দাবি করতেন। উদ্ধার করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে একাধিক ভিকটিমের সঙ্গে যৌন সহিংসতার প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুন <<>> ইউরোপসহ ৭ দেশের শ্রমবাজারে চুক্তির উদ্যোগ

পুলিশের ধারণা, তার শিকার হওয়া নারীর সংখ্যা আরও বেশি হতে পারে। কেউ যদি এ ধরনের অপরাধের শিকার হয়ে থাকেন, তবে তাদের পুলিশকে তথ্য দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

রাশেদুলের স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জের পুরান কামারগাঁ এলাকায়। তার বাবার নাম শাহজাহান মল্লিক।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়