Apan Desh | আপন দেশ

নানক-তাপসের মানবতাবিরোধী মামলার শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৬, ১৫ এপ্রিল ২০২৬

নানক-তাপসের মানবতাবিরোধী মামলার শুনানি আজ

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ মামলার শুনানি পরিচালনা করবে।

এ মামলায় গ্রেফতার চারজন হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন।

গত ৮ এপ্রিল এ মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে প্রয়োজনীয় নথিপত্র না পাওয়ায় শুনানি হয়নি বলে জানান আসামিপক্ষের আইনজীবীরা। পরে আজকের দিন নতুন করে নির্ধারণ করা হয়। আজ প্রথমে প্রসিকিউশন পক্ষের শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন <<>> আইন কমিশনের কার্যকারিতা নিয়ে মন্ত্রীর অসন্তোষ

চলতি বছরের ১৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় এবং ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলাটি পরিচালনা করছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংসতা চালায়। আসামিদের উসকানি, প্ররোচনা ও প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতিতে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

এ মামলার অন্যতম আসামি হলেন জাহাঙ্গীর কবির নানক। এছাড়া সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পলাতক রয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়