বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিটে অংশ নেন প্রধানমন্ত্রী। এসময় তিনি উন্নয়ন সহযোগীদের কাছে এ সহায়তা চান।
জলাবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা এবং এশীয় অঞ্চলে কার্বন নিঃসরন কমিয়ে আনার লক্ষ্যে আয়োজিত ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস (এজেডইসি) অনলাইন সামিট অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, এ সামিটে প্রধানমন্ত্রী ভাষন দিয়েছে। বাংলাদেশের জ্বালানি পরিস্থিতির মোকাবিলার বিষয়টি প্রধানমন্ত্রী তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট দেখিয়ে দিয়েছে সব দেশ একে অপরের ওপর নির্ভরশীল। কোন দেশ একা এ সংকট মোকাবিলা করতে পারবে না। এজন্য প্রয়োজন সমন্বিত আঞ্চলিক উদ্যোগ।
সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা অত্যন্ত জরুরি। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য দ্রুত সহায়তা নিশ্চিত করা সময়ের দাবি। বাংলাদেশ তাৎক্ষণিক জ্বালানি চাহিদা পূরণ এবং অর্থনীতি স্থিতিশীল রাখতে ২ বিলিয়ন ডলার তহবিল প্রয়োজন। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইতিবাচক সাড়া দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন<<>>এবার লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের
জ্বালানি সংকট মোকাবিলায় কিছু স্বল্পমেয়াদি পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে আমরা কিছু স্বল্প মেয়াদি পদক্ষেপ গ্রহন করেছি। এরমধ্যে আছে —সরকারি অফিস ও কেনাকাটার সময় কমানো, জরুরিভিত্তিতে জ্বালানি আমদানি, বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ এবং জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা। তিনি বলেন, এ সংকট ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও বড় আকার নিতে পারে, যা একসময় উন্নয়ন থামিয়ে দিয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমান সংকটে যা হুমকির মুখে পড়েছে। শুধু বাংলাদেশ নয়, অনেক দেশই ঝুঁকির মুখে। এ সমস্যা সমাধানে বৈশ্বিক সমন্বিত পদক্ষেপ জরুরি।
এরকম পরিস্থিতিতে এমন একটি সম্মেলনের আয়োজন করার জন্য জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারেক রহমান।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি‘র সভাপতিত্বে সম্মেলনে ভারত, শ্রীলংকা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর-লেস্তে, দক্ষিন কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার সরকারপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এডিবির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি অংশ নেয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































