ছবি: সংগৃহীত
টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার কারণেই ভাবা হচ্ছে এ দরপতন। বুধবার (১৫ এপ্রিল) দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে দ্বিতীয় দফায় এ দরপতন হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, আলোচনায় অগ্রগতি হলে হরমুজ প্রণালীতে আটকে থাকা তেল আবার বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারে। এতে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ২৭ ডলারে নেমে এসেছে। এর আগের দিন এ তেলের দাম ৪ দশমিক ৬ শতাংশ কমেছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক শূন্য ৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯০ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। আগের দিন এ দরপতন ছিল ৭ দশমিক ৯ শতাংশ।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যেই আলোচনা শুরু হতে পারে এবং তা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন <<>> ইরান যুদ্ধ শেষের দিকে: ট্রাম্প
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদকের সঙ্গে টেলিফোন আলাপে ট্রাম্প বলেন, আগামী দুই দিনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে এবং আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন, আলোচনার স্থান হিসেবে পাকিস্তানকে অগ্রাধিকার দেয়া হতে পারে।
এসময় ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের প্রশংসা করেন এবং ২০২৫ সালের পাকিস্তান-ভারত সংঘাত নিরসনে তার ভূমিকার কথা উল্লেখ করেন।
তবে একই দিন অন্য এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনার স্থান পাকিস্তান নাও হতে পারে, বরং অন্য কোনো জায়গা বিবেচনায় রয়েছে। তার এ দুই বক্তব্যের পার্থক্যের কারণ স্পষ্ট হয়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































