Apan Desh | আপন দেশ

ইউরোপসহ ৭ দেশের শ্রমবাজারে চুক্তির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৯, ১৫ এপ্রিল ২০২৬

ইউরোপসহ ৭ দেশের শ্রমবাজারে চুক্তির উদ্যোগ

ফাইল ছবি

মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রস্তাবিত দেশগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় দেশেও বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ বাড়াতে কাজ চলছে।

নরসিংদী-৫ আসনের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বাইরে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হচ্ছে। এ জন্য উচ্চপর্যায়ের সফরের উদ্যোগ নেয়া হয়েছে।

তারেক রহমান বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে নতুন শ্রমবাজার খোঁজার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশি কর্মীদের পেশাভিত্তিক চাহিদা নিরূপণে কাজ করতে বলা হয়েছে। দূতাবাসগুলোর সুপারিশ অনুযায়ী দেশভিত্তিক লবিস্ট ও বিশেষজ্ঞ ফার্ম নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন <<>> ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত

তিনি বলেন, শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর জন্য আলোচনা চলছে। একই সঙ্গে থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাপানে বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকায় দেশটিতে কর্মী পাঠানোর হার বাড়াতে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ জোরদার করা হয়েছে। বর্তমানে ৫৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জাপানি ভাষা শেখানো হচ্ছে। পাশাপাশি রাশিয়ান, আরবি, জার্মান ও ইতালিয়ান ভাষা প্রশিক্ষণ কার্যক্রমও চালু করা হয়েছে। এ জন্য ইতোমধ্যে ৪১ জন ভাষা প্রশিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়