অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত পৌনে ৩টার দিকে উত্তর ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সে বিষয়টি নিশ্চিত করেননি এ পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনায় আসে। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন সদস্যরা। জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপের সদস্যদের তালিকায় ছিল।
আরও পড়ুন<<>>ক্ষমতা আর পাবেন না আপা, শেখ হাসিনাকে ন্যান্সি
পরবর্তীতে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না; বরং আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট দিতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন এ অভিনেত্রী।
তবে এ ঘটনার জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। সহকর্মীদের বিরোধিতার মুখে তিনি সেদিন কার্যালয় ত্যাগ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ০১ অক্টোবর শিল্পকলা একাডেমি তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।
সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও অন্তর্ভুক্ত ছিল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































