Apan Desh | আপন দেশ

অর্ণবের ‘হোক কলরব’ কনসার্ট পেছাল 

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৩, ১৮ নভেম্বর ২০২৬

অর্ণবের ‘হোক কলরব’ কনসার্ট পেছাল 

ফাইল ছবি

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’ প্রকাশের ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কনসার্ট আয়োজন করা হয়েছে। তবে কনসার্টের তারিখ পরিবর্তন করা হয়েছে।

পূর্বনির্ধারিত ২০ নভেম্বরের পরিবর্তে আগামী ২৭ নভেম্বর হবে এ কনসার্ট। তবে কনসার্টের ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালেই বসবে গানের আসর।

গত ১৭ নভেম্বর আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টিজ কমিউনিকেশন এক বিজ্ঞপ্তিতে তারিখ পরিবর্তনের বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পীর ব্যক্তিগত জীবনে হঠাৎ তৈরি হওয়া একটি জরুরি পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আয়োজকদের ভাষ্য, দর্শকরা যেন অসম্পূর্ণ তথ্য নিয়ে অপেক্ষায় না থাকেন এবং অনুষ্ঠানে এসে সর্বোত্তম অভিজ্ঞতা পান, সে কারণেই হালনাগাদ তথ্যসহ নতুন করে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। অনলাইনে টিকিফাই ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে কনসার্টটি। অর্ণবের পাশাপাশি এতে সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও অর্ণবের জীবনসঙ্গী সুনিধি নায়েক।

আরও পড়ুন <<>> বিচ্ছেদের গুঞ্জনে নতুন ভালোবাসার কথা জানালেন সাবিলা নূর

২০০৬ সালে প্রকাশিত অর্ণবের একক অ্যালবাম ‘হোক কলরব’ বাংলা গানের জগতে আলাদা জায়গা করে নেয়। অ্যালবামটির গান বাংলাদেশ ছাড়িয়ে জনপ্রিয়তা পায় ভারতের পশ্চিমবঙ্গেও। বিশেষ করে ‘হোক কলরব’ গানটি ২০১৪ সালে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের অন্যতম স্লোগানে পরিণত হয়।

অ্যালবামের নামকরণ করা হয়েছিল কবি রাজীব আশরাফের একটি কবিতা থেকে। সে কবিতাকেই গানে রূপ দিয়েছিলেন অর্ণব। তবে এ আয়োজনের দুই দশক পূর্তির সময়ে কবি রাজীব আশরাফ আর বেঁচে নেই। ২০২৩ সালের সেপ্টেম্বরে মারা যান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়