ছবি: আপন দেশ
পদে বসেই নজিরবিহীন আয়োজন করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান। গুলশানের সরকারি বাসভবনে কর্মকর্তাদের নিয়ে ভূরিভোজ, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের জমকালো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
এ আয়োজন ঘিরে উঠেছে নানা প্রশ্ন। কমিশনের ইতিহাসে নজিরবিহীন এ আয়োজনে কর্মকর্তাদের বাধ্যতামূলক উপস্থিতির অভিযোগও উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গুলশানে চেয়ারম্যানের সরকারি বাসভবনের আঙিনায় বর্ণাঢ্য এ ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুদকের লোগো সংবলিত বিশেষ কেক কাটা হয়। অনুষ্ঠানের পুরো আয়োজন ডিজিটাল পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়।
আরও পড়ুন<> দুদকের আট কর্মকর্তার পদোন্নতি, নতুন মহাপরিচালক মোরশেদ আলম
এর আগে ফুলের তোড়া নিয়ে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে বাসভবনে হাজির হন দুদক সচিব মো. সাইদুর রহমান খানের নেতৃত্বে কমিশনের মহাপরিচালক ও পরিচালক পর্যায়ের কর্মকর্তারা। আয়োজনে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিজি ও পরিচালক পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের কারো কারো পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
তবে এ জমকালো আয়োজন নিয়ে দুদকের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তার মধ্যে বিস্ময় ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের ভাষ্য, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার পর থেকে কোনো চেয়ারম্যান কিংবা কর্মকর্তার উদ্যোগে এ ধরনের আনুষ্ঠানিক ভূরিভোজের আয়োজনের নজির নেই। ফলে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পরপরই এমন ব্যতিক্রমী আয়োজন নিয়ে সংস্থাটির ভেতরে-বাইরে আলোচনা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদকের দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এ ছাড়া কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এর দুই দিন পর, ১৯ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































