Apan Desh | আপন দেশ

সুরের কিংবদন্তি রুনা লায়লা ৭৪তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৪, ১৭ নভেম্বর ২০২৬

সুরের কিংবদন্তি রুনা লায়লা ৭৪তম জন্মদিন আজ

ছবি: আপন দেশ

ছয় দশকেরও বেশি সময় ধরে সুরের মায়াজালে কোটি শ্রোতাকে মুগ্ধ করে রেখেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। মঙ্গলবার (১৭ নভেম্বর) ৭৪তম জন্মদিন তার। অসাধারণ কণ্ঠ, বৈচিত্র্যময় গান আর সংগীতে অনন্য অবদানের মধ্য দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন অগণিত ভক্তের হৃদয়ে।

জীবনের এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সবার কাছে দোয়া চেয়েছেন, যেন জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে পারেন।

১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে এমদাদ আলী ও আমিনা লায়লার ঘর আলো করে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি একজন।

তার বোন দীনা লায়লা এবং ভাই সৈয়দ আলী মুরাদ। চিত্রনায়ক আলমগীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ সংগীতশিল্পী।

জন্মদিন উদযাপন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, এই সময়ে এসে মূলত পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করা হয়ে থাকে। যথারীতি এবারও তাই হবে। দেখতে দেখতে অনেক জন্মদিনই পেরিয়ে গেল। তবে ছোটবেলার জন্মদিনই আসলে বেশি মনে পড়ে। মা জামা বানিয়ে দিতেন, মজার মজার খাবার রান্না করতেন- এগুলোই আসলে বিশেষভাবে মনে পড়ে।

নিজের দীর্ঘ সংগীতজীবন নিয়ে স্মৃতিচারণা করে তিনি আরও বলেন, দেখতে দেখতে সংগীতজীবনেরও ষাট বছর পেরিয়ে গেছে। আমার বাবা-মা, আমার বড় বোন দীনাসহ পরিবারের সবার আসলে এত সাপোর্ট ছিল যে, যদি তা না হতো তাহলে এতদূর আসা সম্ভব হতো না। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে তিনি আমায় সুন্দর জীবন উপহার দিয়েছেন, এখনো আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন।

আরও পড়ুন <> ক্ষমতা আর পাবেন না আপা, শেখ হাসিনাকে ন্যান্সি

জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে কিংবদন্তি এই গায়িকা বলেন, আমি সবার কাছে সবসময় দোয়া চাই, যেন আজীবন গান গেয়ে যেতে পারি।

এদিকে জন্মদিনের পরদিনই বিশেষ এক সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন রুনা লায়লা। বাংলাদেশের সংগীতাঙ্গনের প্রয়াত কিংবদন্তি বশির আহমেদের জন্মদিন উপলক্ষে তাকে দেয়া হচ্ছে ‘আজীবন সম্মাননা’। বিষয়টি নিশ্চিত করেছেন ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এর প্রধান উদ্যোক্তা হোমায়রা বশির ও রাজা বশির। তারা প্রয়াত এ সংগীতশিল্পীর দুই সুযোগ্য উত্তরসূরি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মাত্র ছয় বছর বয়সে দর্শকের সামনে প্রথম গান গেয়েছিলেন রুনা লায়লা। নয় বছর বয়সে গান গেয়ে অর্জন করেন প্রথম পুরস্কার। এরপর মাত্র সাড়ে ১১ বছর বয়সে পাকিস্তানি চলচ্চিত্র ‘জুগনু’তে প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক হয় তার।

বাংলা, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, বালুচ, ফারসি, আরবি, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে তার কণ্ঠের জাদু ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে।

সংগীতজীবনে অসাধারণ সাফল্যের স্বীকৃতিও পেয়েছেন বহুবার। সুরকার নিসার বাজমির সুরে মাত্র তিন দিনে ১০টি করে মোট ৩০টি গান রেকর্ড করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তিনি। 

১৮টি ভাষায় গান গাওয়া এবং নিজের সংগীতজীবন নিয়ে নির্মিত ‘শিল্পী’ সিনেমায় অভিনয়- সব মিলিয়ে রুনা লায়লা কেবল একজন সংগীতশিল্পী নন, তিনি উপমহাদেশের সংগীতের ইতিহাসে এক জীবন্ত কিংবদন্তি। 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়