ছবি: বাফুফে
ক্রিকেটে বাংলাদেশ নিয়মিত পাকিস্তানের মুখোমুখি হলেও ফুটবলে অনিয়মিতই বলা চলে। ফুটবলে দুই দলের দেখা হওয়ার ইতিহাস বেশ পুরনো হলেও সাম্প্রতিক বছরগুলোতে ম্যাচ হয়েছে খুবই কম। সাফ চ্যাম্পিয়নশিপে আবারও পরীক্ষায় নামছে তারা। উভয় দলের লক্ষ্য শিরোপা! স্বাগতিক হিসেবে বাংলাদেশের সামনে একটি বড় সুযোগ।
আর একটি জয় মানেই ফাইনালের মঞ্চে উঠার সুযোগ, আর সে সঙ্গে ২৩ বছর পর সাফ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নের আরও কাছে পৌঁছে যাওয়া! অপেক্ষাটা দীর্ঘ, স্বপ্নটাও তাই বড়। ২০০৩ সালে ঘরের মাঠে শেষবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। এবার নিজেদের মাঠে সে আক্ষেপ ঘোচানোর সুযোগ। তবে স্বপ্নের পথে আপাতত সবচেয়ে বড় বাধা পাকিস্তান। সেমিফাইনালে তাদের হারিয়েই ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে হামজা চৌধুরীদের বাংলাদেশ।
শনিবার (১৪ নভেম্বর) সাড়ে রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দুই দলের এ গুরুত্বপূর্ণ লড়াই। দিনের অন্য সেমিফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ভুটান। রাতেই নির্ধারিত হবে কারা খেলবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে।
গ্রুপ পর্বের পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশের আত্মবিশ্বাসের জায়গাটা বেশ শক্ত। ‘এ’ গ্রুপে নিজেদের দুই ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে স্বাগতিকেরা। শুধু জয়ই নয়, প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠানোর বিপরীতে নিজেদের জাল অক্ষত রেখেছে দলটি।
টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল ভুটানকে ১-০ গোলে হারিয়ে। প্রথম ম্যাচে ব্যবধান ছোট হলেও পরের ম্যাচে নিজেদের আক্রমণাত্মক সামর্থ্যের পুরোটা দেখায় দলটি। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্ব শেষ করে বাংলাদেশ। সে ম্যাচে গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। চার ভিন্ন খেলোয়াড়ের গোল দলের আক্রমণভাগের বৈচিত্র্যও তুলে ধরেছে।
আরও পড়ুন<<>>ভারতে চোখ রেখে বাংলাদেশে মুখোমুখি হচ্ছে পাকিস্তান
তবে গ্রুপ পর্বের সাফল্য এখন অতীত। নকআউট পর্বে একটি ভুলই শেষ করে দিতে পারে শিরোপার স্বপ্ন। পাকিস্তানকে তাই কোনোভাবেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে হারলেও দারুণ লড়াই করেছিল তারা। এরপর মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। শেষ ম্যাচের সে জয় তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশের মিডফিল্ডার জামাল ভূঁইয়াও প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে সতর্ক। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর দলের মনোযোগ এখন পুরোপুরি সেমিফাইনালে। কারণ, পাকিস্তানের বিপক্ষে সামান্য অসতর্কতারও বড় মূল্য দিতে হতে পারে।
স্বাগতিকদের জন্য দুশ্চিন্তার আরেক নাম রক্ষণভাগের চোট-সমস্যা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গোড়ালির টেন্ডনে চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন রাইটব্যাক সাদ উদ্দিন। গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে রক্ষণভাগের অন্য খেলোয়াড়দের ফিটনেস নিয়েও ভাবতে হচ্ছে কোচিং স্টাফকে। আক্রমণভাগে ছন্দ থাকলেও রক্ষণে সামান্য দুর্বলতা পাকিস্তানের জন্য সুযোগ তৈরি করে দিতে পারে।
অবশ্য বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হতে পারে নিজেদের মাঠ ও দর্শকদের সমর্থন। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে আসা উচ্ছ্বাসকে শক্তিতে পরিণত করতে পারলে হামজা-জামালদের জন্য কাজটা সহজ হতে পারে। গ্রুপ পর্বে যে আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে দলটি, সেমিফাইনালেও তার ধারাবাহিকতা ধরে রাখাই হবে মূল চ্যালেঞ্জ।
তবে শিষ্যদের সতর্কবার্তা দিলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি, পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা ভালো ফল করেছে। বিদেশ থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। তাই তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই।
২০০৩ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয় শিরোপার অপেক্ষায় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের সে আক্ষেপ এবার ঘোচাতে চায় পুরো দল। তবে ইতিহাসের দুয়ারে পৌঁছানোর আগে পার হতে হবে পাকিস্তানের বাধা। আজকের ম্যাচ তাই শুধুই একটি সেমিফাইনাল নয়, বাংলাদেশের ফুটবলের পুরোনো গৌরব ফিরিয়ে আনার পথে আরেকটি বড় পরীক্ষা। ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হবে, নাকি অপেক্ষা আরও দীর্ঘ হবে-সে উত্তর মিলবে রাতেই!
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































