ছবি: আপন দেশ
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনের ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির কলাবাগানের কাঠালবাগান এলাকায় কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। পরে তাদের স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন<<>>মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি: ডিআইজি
প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত চার জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিদগ্ধ পাঁচজন রোগী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































