ফাইল ছবি
‘জুমা’ শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের চার রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে দুই রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয়, ইসলামের পরিভাষায় সেটিই সালাতুল জুমা বা জুমার নামাজ।
জুমার দিনটি কেন গুরুত্বপূর্ণ? এ নামাজ পড়া সম্পকে কোরআনুল কারিমে সুস্পষ্টভাবে নির্দেশ দেয়া হয়েছে। আবার এ নামাজের আমল সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। জুমার দিনের নামাজের মতো সপ্তাহের অন্য কোনো দিনের নামাজের এত বর্ণনা বা দিকনির্দেশনা পাওয়া যায় না। আমলের দিক থেকেও এদিনটির মর্যাদা, ফজিলত ও বৈশিষ্ট্য অনন্য।
জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ তাআলা কোরআনুল কারিম ‘জুমআ’ নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন এবং সব কাজ রেখে জুমার সময় এ নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন এভাবে- یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نُوۡدِیَ لِلصَّلٰوۃِ مِنۡ یَّوۡمِ الۡجُمُعَۃِ فَاسۡعَوۡا اِلٰی ذِکۡرِ اللّٰهِ وَ ذَرُوا الۡبَیۡعَ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ
অর্থ : হে ঈমানদারগণ! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ রাখবে। এটি তোমাদের জন্য ভালো; যদি তোমরা বোঝো। (সুরা জুমআ: আয়াত ৯)
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম মসজিদে উপস্থিত হয়, সে যেন একটি উট কোরবানি করলো। দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে, সে যেন একটি গরু কোরবানি করলো। তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, সে যেন একটি ছাগল কোরবানি করলো। এরপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল, সে যেন একটি মুরগি সদকা করলো। আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল, সে যেন একটি ডিম সদকা করলো। এরপর ইমাম যখন বেরিয়ে এসে খুতবার জন্য মিম্বরে বসে যায়, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়। (বুখারি ৮৮১)
আরও পড়ুন<<>>২০২৭ সালের প্রথম রোজা কবে জানা গেল সম্ভাব্য তারিখ
এ কারণে জুমার নামাজের আজান দেয়ার পর কোরআনের নির্দেশ ও হাদিসের ফজিলত অনুযায়ী দুনিয়ার সব বৈষয়িক কাজ স্থগিত রেখে নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হয়ে কাতারবন্দী হওয়া জরুরি। আর এ নির্দেশই এসেছে কোরআন এবং সুন্নায়। আবার জুমার নামাজ শেষ করার পর বান্দার করণীয়ও ঠিক করে দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনে এসেছে- فَاِذَا قُضِیَتِ الصَّلٰوۃُ فَانۡتَشِرُوۡا فِی الۡاَرۡضِ وَ ابۡتَغُوۡا مِنۡ فَضۡلِ اللّٰهِ وَ اذۡکُرُوا اللّٰهَ کَثِیۡرًا لَّعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ
অর্থ : এরপর যখন নামাজ শেষ হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে (জীবিকা) অনুসন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফল হতে পার। (সুরা জুমআ: আয়াত ১০)
অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল জুমার দিনে। যেমন এ দিনে আদি পিতা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়। এ দিনে তাকে বেহেশতে প্রবেশ করানো হয়, আবার এ দিনেই বেহেশত থেকে বের করে দেয়া হয়। একই দিনে তাকে দুনিয়ায় পাঠানো হয়, তার তওবা কবুল করা হয়, তার মৃত্যু হয়। এ দিনেই শিঙায় ফুঁক দেয়া হবে। এ দিনেই কেয়ামত সংঘটিত হবে। এ দিনেই সবাই বেহুঁশ হয়ে যাবে। প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, আকাশ, পৃথিবী, বাতাস, পর্বত ও সমুদ্র এ দিনটিকে ভয় করে।
জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টিতে বান্দা আল্লাহর কাছে যা চায়, তা-ই তাকে দেয়া হয়। এ দিনে যে ব্যক্তি মারা যায়, আল্লাহ তাকে কবরের ফেতনা থেকে রক্ষা করবেন। বেহেশতে প্রতি জুমার দিন বেহেশতিদের আসর বসবে। সেখানে মনোমুগ্ধকর হাওয়া বইবে। প্রত্যেক সপ্তাহে জুমার দিন আল্লাহ তাআলা বেহেশতি বান্দাদের দর্শন দেবেন। এ দিনে দান-খয়রাত করার সওয়াব অন্য দিনের চেয়ে বেশি।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুরুত্বের সঙ্গে জুমার নামাজ আদায় করার তাওফিক দান করুন। জুমার দিনের গুরুত্ব অনুযায়ী যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































