ফাইল ছবি
বছরের প্রায় প্রতিদিনই কোনো না কোনো দিবস আছেই। দুনিয়ায় বিচিত্র দিবসের অভাব নেই। সেসব নিয়ে অনেক রকম আয়োজনও হয়। অথচ পুরুষদের নিয়ে যে দিবস আছে, এটাই বা কতজন জানতেন! আয়োজন তো বহু দূরের কথা। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই জেনেছেন, আজ ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) আন্তর্জাতিক পুরুষ দিবস।
পরিবার, সমাজ ও বৈশ্বিক পরিমণ্ডলে পুরুষ ও বালকদের ইতিবাচক অবদানকে সম্মান ও স্বীকৃতি দেয়ার লক্ষ্যে প্রতিবছর এদিনে দিবসটি পালিত হয় বিশ্বব্যাপী। একজন পুরুষ তার পরিবার, সমাজ ও পৃথিবীতে যে ইতিবাচক প্রভাব ফেলেন, আজ তা–ই উদ্যাপন করার দিন। ইতিবাচক আদর্শ ব্যক্তিদের তুলে ধরা এবং পুরুষদের সুস্থতার বিষয়ে সচেতনতা বাড়াতেই এ বছর পুরুষ দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘ভবিষ্যৎ সবার’।
বিশ্বের ৭০টিরও বেশি দেশে এই দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির মূল লক্ষ্য হলো—পুরুষ ও বালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, পুরুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সমাজে তাদের ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরা।
আন্তর্জাতিক পুরুষ দিবসের সূচনা ১৯৯৯ সালের ১৯ নভেম্বর। উদ্যোগ নিয়েছিলেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম তিলাকসিং। তবে ১৯৬০ সাল থেকেই পুরুষদের জন্য একটা দিবস নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ১৯৬৯ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারিকে পুরুষ দিবস বানাতে একটা দল গোপনে কাজ করে যাচ্ছিল। কিন্তু সে চেষ্টা সফল হয়নি।
এটা সত্যি যে পুরুষদের নিয়ে ঘটা করে দিবস পালনের তেমন একটা চল নেই। তবে আপনি উদ্যোগ নিলে শুরুটা হতেই পারে। প্রথমেই কাছের পুরুষটিকে জানান শুভেচ্ছা। সেটা হতে পারে বাবা, ভাই, ছেলে, বন্ধু, সহকর্মী, স্বামী বা প্রেমিক। ছোট করে বলতে পারেন আপনার জীবনে তাদের গুরুত্বের কথাও। সম্ভব হলে কাটতে পারেন কেক বা পাঠাতে পারেন পছন্দের কোনো উপহার। প্রিয় মানুষটির পছন্দের কোনো খাবার রান্না করেও বিশেষ দিনটি উদ্যাপন করতে পারেন।
আপন দেশ/জেডআই




































