ছবি: আপন দেশ
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে কোনো ধরনের হয়রানির শিকার হতে দেয়া হবে না। কঠোর বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সেবা প্রদানে অপ্রয়োজনীয় কাগজপত্র ও জটিলতা কমিয়ে ন্যূনতম কাগজপত্রে দ্রুত সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি। এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন সিইসি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেছেন, সাধারণ মানুষ যাতে সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন; অভিযোগ যেন আর শুনতে না হয়।
ইসি কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চাই। সেবা পেতে হয়রানি হচ্ছে—এই শব্দ যেন আর শুনতে না হয়। ব্লেম গেম করে সেবা দেয়া যাবে না।
মানুষ সেবা পাবে, এটা নিশ্চিত করতে হবে। মৌলিক তথ্য ও ন্যূনতম কাগজপত্র নিয়ে সেবা দিন। জনসাধারণের সচেতনতার স্তর বিবেচনায় নিয়ে কাজ করুন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, চ্যালেঞ্জ আছে, আমরা সমাধান চাই। এনআইডিকেন্দ্রিক হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই। মানুষ যেন দুর্নীতিতে না জড়ায়। এত আবেদন দেখতে চাই না। সব জায়গার মানুষ ডাউনলোড বোঝে না। সমাধানগুলো সহজ করুন। ন্যূনতম কাগজপত্র হলেই যেন মানুষ সেবা পায় এবং কোনো হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন <> গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
তিনি বলেন, প্রতিদিন যখন আমি ডাক সই করি, তখন অন্তত ছয়-সাতটি আবেদন থাকে এনআইডি-সংক্রান্ত। কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি আমাকে খুব বিব্রত করে। পত্রপত্রিকায় যখন হয়রানির খবর দেখি, তখন আরও অস্বস্তি বোধ করি। আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়।
এনআইডিকেন্দ্রিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি চান উল্লেখ করে কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, কী করলে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করা সম্ভব, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মানুষ যেন সেবা পায় এবং কোনো ধরনের হয়রানির শিকার যেন না হয়।
নাগরিকদের আবেদনের পর দ্রুত সাড়া দেয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তার আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, কেউ একটি আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না, তার আবেদন কোথায় আছে সেটাও জানতে পারবেন না—এটা হতে পারে না। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দিতে হবে। প্রয়োজনে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে যোগাযোগ করে জানতে পারেন তার আবেদনের কী অবস্থা।
একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহবান জানিয়ে সিইসি বলেন, এনআইডি-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে কারও জন্মনিবন্ধন ঠিক নেই। কারও শিক্ষাগত সনদে সমস্যা—এ ধরনের নানা অজুহাত সামনে আসে। এভাবে দায় এড়িয়ে গেলে নাগরিকদের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তার ভাষায়, ‘ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।
আরও পড়ুন <> দেশে আরেক দফা কমলো স্বর্ণের দাম
সাধারণ মানুষের ডিজিটাল সক্ষমতা ও সচেতনতার বিষয়টি বিবেচনায় নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিক প্রযুক্তি সম্পর্কে সমানভাবে সচেতন নন। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষদের পক্ষে অনলাইনে আবেদন করা বা এনআইডি ডাউনলোড করার মতো কাজ সহজ নয়। তাই তাদের সক্ষমতা বিবেচনায় রেখেই সেবা দেয়ার ব্যবস্থা করতে হবে।
এক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর পরামর্শ দেন তিনি।
এনআইডির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র শুধু একটি সাধারণ কার্ড নয়; এটি একজন নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে তার পরিবার সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় মৃত্যুর তথ্য জানাতে চায় না। এ ধরনের বিষয়ও বিবেচনায় নিয়ে সমাধান বের করতে হবে।
স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থার বিষয়েও কর্মশালায় পরামর্শ চান এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, আমরা হয়তো সবাইকে স্মার্ট কার্ড দিতে পারব না। কিন্তু একজন মানুষকে শুধু ডাউনলোড করে নিতে বললেই হবে না। গ্রামের অনেক মানুষ ডাউনলোড কী, সেটাই বোঝেন না। তাদের কাছে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে পৌঁছে দেয়া যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে।
এনআইডি সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন সিইসি।
তিনি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশন নিতে পারে না। তবে এনআইডি দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়। বক্তব্যের শেষে তিনি কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ কামনা করে এনআইডিকেন্দ্রিক সব ধরনের হয়রানি ও দুর্নীতি বন্ধের প্রত্যাশা ব্যক্ত করেন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































