ফাইল ছবি
আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার), বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রাণঘাতী অথচ প্রতিরোধ ও চিকিৎসাযোগ্য এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করাই দিবসটির মূল উদ্দেশ্য।
নিউমোনিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতি বছর এদিনে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন যুগ’।
ফুসফুসের প্রদাহজনিত ভয়ংকর একটি রোগ নিউমোনিয়া। বিশেষ করে শীতের সময় শিশু ও বয়স্কদের এ রোগের প্রকোপ বেশি বৃদ্ধি পায়। চিকিৎসকদের মতে, অপুষ্টি, বায়ুদূষণ, টিকা না নেওয়া ও অ্যান্টিবায়োটিকের অভাবে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। এছাড়া অল্প বয়স্ক, স্বাস্থ্যবান এবং তরুণদেরও হতে পারে নিউমোনিয়া।
সাধারণত ফুসফুসে স্ট্রেপটোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া কিংবা শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) সংক্রমণ ঘটালে ফুসফুস ফুলে ওঠে, ভরে ওঠে পুঁজে বা তরল পদার্থে, যা অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাস নেয়ার ক্ষমতা কমিয়ে দেয়। তখন ফুসফুসে প্রদাহ হয়।
নিউমোনিয়া রোধে সবসময় পরিষ্কার করে হাত ধুতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, সুষম খাবার খেতে হবে। ধূমপান থেকে বিরত থাকতে হবে। অন্যের সামনে হাঁচি বা কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে। হাঁচি বা কাশি দেয়ার সময় মুখ হাত দিয়ে ঢাকতে হবে বা রুমাল ব্যবহার করতে হবে।
প্রতি বছর দেশে নিউমোনিয়ায় মারা যায় ২৪ হাজার থেকে ২৬ হাজার শিশু। এত মৃত্যুর পরও এ রোগ মোকাবেলায় পর্যাপ্ত চিকিৎসা বা সচেতনতা নেই। পরিবারের লোকজন ঠিকমতো বিপদের লক্ষণ বুঝতে না পারায় অনেক সময় শিশুকে হাসপাতালে নিতে দেরি করে ফেলেন।
তবে হাসপাতালে পৌঁছালেও যে পুরো চিকিৎসা মিলবে, তারও নিশ্চয়তা নেই। উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিউমোনিয়া শনাক্ত করার যন্ত্র, গুরুতর রোগীর চিকিৎসা এবং পর্যাপ্ত অক্সিজেনের মারাত্মক ঘাটতি রয়েছে।
তীব্র নিউমোনিয়ার প্রধান লক্ষণ হলো রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া। পালস অক্সিমিটার দিয়ে এটি খুব দ্রুত ধরা সম্ভব, যা থেকে সঙ্গে সঙ্গে অক্সিজেনসহ অন্যান্য চিকিৎসা দেয়া যায়। কিন্তু উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই যন্ত্র এবং নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের কোনো ব্যবস্থাই নেই।
চিকিৎসাবিজ্ঞানের মতে, নিউমোনিয়া হলো ফুসফুসের সংক্রমণজনিত প্রদাহ। ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকের সংক্রমণে এ রোগ হতে পারে। যখন কেউ কোনো রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়েন, তখন তাকে সংক্রমিত করার চেষ্টা করে। সংক্রমণের ফলে ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাইয়ে তরল কিংবা পুঁজ জমে যায়। এতে ফুসফুসে অক্সিজেন প্রবেশ ও রক্তে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয়। গুরুতর অবস্থায় রোগীর শ্বাসকষ্ট, অক্সিজেনের ঘাটতি এমনকি শ্বাসযন্ত্র বিকল হয়ে মৃত্যুও হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, নিউমোনিয়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান সংক্রামক কারণ। ২০১৯ সালে বিশ্বে এ রোগে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৭ লাখ ৪০ হাজার শিশুর মৃত্যু হয়েছিল।
আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, ডায়রিয়া শিশুমৃত্যুর প্রধান ঘাতক হলেও বর্তমানে নিউমোনিয়া শিশুমৃত্যুর প্রধান কারণ। নিউমোনিয়ায় প্রতি বছর বিশ্বব্যাপী অনেক শিশু মারা যায়। আক্রান্ত হন প্রাপ্তবয়স্করাও। তাদেরও মৃত্যুঝুঁকি রয়েছে।
আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. মোহাম্মদ জোবায়ের চিশতী বলেন, নিউমোনিয়া এখনো বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ। এ রোগে প্রতি বছর প্রায় ৭ লাখ শিশুর মৃত্যু হয়, যা পাঁচ বছরের কম বয়সী শিশুর সব মৃত্যুর ১৪ শতাংশ। বাংলাদেশে এর পরিস্থিতি কিছুটা খারাপ। নিউমোনিয়ায় মারা যায় প্রতি ঘণ্টায় আনুমানিক ২-৩ জন শিশু, বছরে প্রায় ২৪ হাজার। এটি পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৪ শতাংশ মৃত্যুর জন্য দায়ী, যা বিশ্বব্যাপী গড় হিসাবের থেকে বেশি।
২০১৯ ও ২০২১ সালে আইসিডিডিআরবির গবেষণায় অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী, গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার সংক্রমণের বিষয়টি উঠে আসে। এই ফল দেখায় বিরল গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া শৈশবকালে নিউমোনিয়ার নতুন কারণ হিসাবে আবির্ভূত হচ্ছে। এ অবস্থায় প্রতিরোধমূলক কৌশল তুলে ধরে ড. চিশতী আইসিডিডিআরবির গবেষণায় প্রাপ্ত ফলের উদ্ধৃতি দিয়ে বলেন, ঘরের মধ্যে বাতাসের গুণগতমান উন্নত করার মাধ্যমে নিউমোনিয়া মৃত্যুর ঝুঁকি অর্ধেক করা সম্ভব। ২০০৭ ও ২০২০ সালে আইসিডিডিআরবির ভ্যাকসিন নিয়ে করা গবেষণায় বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী হতে পারে এমন একটি টিকা নিয়ে আলোকপাত করা হয়।
আরও পড়ুন<<>>হামে নভেম্বরের প্রথম ১০ দিনে মৃত্যু ৪১
আইসিডিডিআরবির গবেষণায় দেখা গেছে, গর্ভবতী নারীদের আরএসভি ভ্যাকসিন দেয়া হলে তা নবজাতক শিশুদের গুরুতর নিউমোনিয়া ও হাইপোক্সেমিয়া (রক্তে অক্সিজেনের স্বল্পতা) প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের সুরক্ষার ক্ষেত্রে, শিশুর জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো একটি বড় ভূমিকা পালন করে। ফলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা ১৫ শতাংশ কমে যায়।
সর্বশেষ বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২ থেকে দেখা যায়, বাংলাদেশে গত পাঁচ বছরে শিশুর জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর হার উল্লেখযোগ্য হারে কমেছে (৬৫ থেকে ৫৫ শতাংশ)। আরেকটি উদ্বেগ হলো শৈশবকালে অপুষ্টি, যা নিউমোনিয়ার ঝুঁকি ১৫ গুণ বাড়িয়ে দেয় এবং এটি এখনো একটি গুরুতর সমস্যা, যেখানে ৮ শতাংশ শিশু ওয়েস্টিং বা উচ্চতার তুলনায় কম ওজনসম্পন্ন সমস্যার সম্মুখীন হয়।
২০২৬ সালে বাংলাদেশের হামের প্রাদুর্ভাব নিউমোনিয়ার ঝুঁকিকে নতুন করে সামনে এনেছে। হামের অন্যতম মারাত্মক জটিলতা হলো নিউমোনিয়া। হাম হলে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে ভাইরাস নিজেই ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে। পাশাপাশি ব্যাকটেরিয়ার সংক্রমণও যুক্ত হয়ে পরিস্থিতি জটিল করে তুলতে পারে।
ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৩ আগস্ট পর্যন্ত হামের সন্দেহভাজন ও নিশ্চিত ৫৭ রোগীর মৃত্যুর তথ্য পর্যালোচনা করা হয়। এর মধ্যে ৫০ জনের মৃত্যুর সঙ্গে নিউমোনিয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। অর্থাৎ ওই হাসপাতালে পর্যালোচনা করা মৃত্যুর প্রায় ৮৭.৭ শতাংশের ক্ষেত্রে নিউমোনিয়া ছিল।
নিউমোনিয়া থেকে জীবন রক্ষায় স্বল্প খরচের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. মোহাম্মদ জোবায়ের চিশতী। যদিও তা সারা দেশে সম্প্রসারণ সম্ভব হয়নি। ওই পদ্ধতির নাম বাবল সিপ্যাপ। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্যান্ডার্ড অক্সিজেন থেরাপির তুলনায় প্রায় ৭৫ শতাংশ মৃত্যুহার হ্রাস করতে সক্ষম। এ ডিভাইসটি ইথিওপিয়ার ১৬টি হাসপাতালে সফলভাবে ব্যবহার করা হচ্ছে।
আইসিডিডিআরবি জানিয়েছে, যদি কারও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। আর শুরুতেই যদি তাতে বাবল সিপ্যাপ দেয়া হয়, তাহলে তার শারীরিক অবস্থা আর জটিল হওয়ার আশঙ্কা থাকে না। ওয়ার্ড থেকে আর তাকে মেকানিক্যাল ভেন্টিলেটর নেয়ার আশঙ্কা কমে যায়। ওয়ার্ডে তার পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, নিউমোনিয়ার শিশুদের জীবন রক্ষায় বাবল সিপ্যাপ খুবই কার্যকরী পদ্ধতি। সারা দেশের সব হাসপাতালে এটি চালু করা গেলে প্রতি বছর অসংখ্য নিউমোনিয়া আক্রান্ত শিশুর জীবন রক্ষা সম্ভব হবে। এ পদ্ধতিতে খরচ হয় মাত্র ৩০০ টাকা।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম খান বলেন, হাম হলে যে নিউমোনিয়া হয়, সেটি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। হামের জন্য ইমিউনিটি কমে যায়। সে জন্য ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়। এ ধরনের নিউমোনিয়ার চিকিৎসা করার ব্যবস্থা দেশে যথেষ্ট আছে, কিন্তু শিশুরা পাচ্ছে না। আমরা ঠিকমতো চিকিৎসা দিতে পারছি না অথবা দিতে ভুল করছি। কিছু শিশুর আইসিইউয়ের দরকার হয়, কিন্তু শিশুদের জন্য আইসিইউ নেই। সোজা কথায় বললে, চিকিৎসার দুর্বলতার কারণে এত শিশু মারা যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, নিউমোনিয়ার সাধারণত লক্ষণগুলো হলো কাশি, কখনো কফসহ; জ্বর ও কাঁপুনি; দ্রুত শ্বাস নেয়া; শ্বাস নিতে কষ্ট হওয়া; বুকে ব্যথা, বিশেষ করে শ্বাস নেয়া বা কাশির সময়; অতিরিক্ত দুর্বলতা ও খাবারে অরুচি।
বিপদসংকেতগুলোর মধ্যে রয়েছে প্রচন্ড শ্বাসকষ্ট বা শ্বাস নিতে গিয়ে বুক দেবে যাওয়া; ঠোঁট, জিহ্বা বা মুখ নীলচে হয়ে যাওয়া; শিশু দুধ বা খাবার খেতে না পারা; অস্বাভাবিক নিস্তেজতা বা অচেতন হয়ে যাওয়া; খিঁচুনি; প্রবীণ রোগীর হঠাৎ বিভ্রান্তি বা চেতনার পরিবর্তন; এসব ক্ষেত্রে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে। অক্সিজেন বা চিকিৎসা শুরু করতে পরীক্ষার সব ফলের জন্য অপেক্ষা করা উচিত নয়।
বিশেষজ্ঞরা বলছেন, নিউমোনিয়া প্রতিরোধে টিকাদান, মায়ের বুকের দুধ, পুষ্টি নিশ্চিত করা, বায়ুদূষণ কমানো, পরিচ্ছন্নতা, প্রবীণদের টিকা দেয়া জরুরি।
আপন দেশ/জেডআই





































