সিদ্দিকুর রহমান খান ও ডিআরইউ লোগো। ফাইল ছবি
শিক্ষা বিষয়ক পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান। তাকেসহ সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
এছাড়া অফিস ঘেরাও ও মব সৃষ্টির হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শনিবার (১৪ নভেম্বর) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। কমিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা-প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং কর্মস্থলে হামলার উসকানি স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন <<>> প্রকৃত সাংবাদিকদের তালিকা করবে সরকার: ইয়াসের খান
তারা বলেন, সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারী পরিচয়ে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের বেআইনিভাবে শিক্ষক পদে নিয়োগের চেষ্টা চলছে। এ বিষয়ে দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের নিয়োগের চেষ্টার বিষয়টি উঠে এসেছে। এরপর থেকে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পত্রিকা দুটির কার্যালয় ঘেরাও, মব সৃষ্টি হুমকি দিচ্ছে। এছাড়া সম্পাদক সিদ্দিকুর রহমান খানসহ সাংবাদিক ও সংবাদকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকিও দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তারা আরও বলেন, এ ঘটনায় তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পত্রিকা দুটির সম্পাদক, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ডিআরইউ নেতারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো প্রতিবেদন পছন্দ না হলে তার প্রতিবাদ বা আইনি প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু হুমকি, ভয়ভীতি কিংবা মব সৃষ্টির মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা বরদাশত করা হবে না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































