ছবি: আপন দেশ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সভার কার্যবিবরণী (রেজ্যুলেশন) চূড়ান্ত হলে এ সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগামী সপ্তাহে এ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদীয় স্থায়ী কমিটির সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, গত ০৮ নভেম্বর অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ করা হয়। তবে সভার কার্যবিবরণী এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহে তা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।
সুপারিশ পাওয়ার পর বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব এবং এনটিআরসিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে। এরপর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদীয় কমিটির সুপারিশ শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় এ বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে, তা স্থায়ী কমিটির পরবর্তী সভায় জানতে চাওয়া হবে।
আরও পড়ুন<<>>এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
এদিকে, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
গত ৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা এ দাবি জানান।
তাদের অভিযোগ, ২০০৫ সাল থেকে নিবন্ধন সনদ দেয়া হলেও এনটিআরসিএর নীতিমালা পরিবর্তন, মৌখিক পরীক্ষার নম্বরের তারতম্য ও বয়সসীমার বাধ্যবাধকতায় প্রথম ১২টি নিবন্ধনের বহু প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছেন।
শিক্ষক নেতাদের দাবি, আদালতের নির্দেশনা অনুযায়ী ২০১৮ সালের ১২ জুনের আগে সনদপ্রাপ্তদের বয়সসীমা শিথিলের সুযোগ রয়েছে। অথচ আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতায় তাদের নিয়োগ আটকে আছে। বিগত সরকারের আমলে শাহবাগে টানা ২০৩ দিন আন্দোলন করেও সমস্যার সমাধান পাননি তারা।
১৩তম নিবন্ধনের ২ হাজার ২০৭ জন প্রার্থী আদালতের আদেশে নিয়োগের সুযোগ পাওয়ায় একইভাবে ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































