Apan Desh | আপন দেশ

শেষ মুহূর্তের গোলে নরওয়ের অবিশ্বাস্য জয়

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৭, ১৮ নভেম্বর ২০২৬

শেষ মুহূর্তের গোলে নরওয়ের অবিশ্বাস্য জয়

ছবি : সংগৃহীত

অবিশ্বাস্য এক জয়ের আনন্দে ভাসল নরওয়ে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের শুরুতে জোড়া গোলে পিছিয়ে পড়ার পর, কোনোমতে একটি শোধ করতে পারল তারা। কিন্তু দ্বিতীয়টির দেখা আর মেলে না। সময় ফুরিয়ে আসছিল, সেই সময় দলকে পথ দেখালেন অধিনায়ক মার্টিন ওদেগোর। কিন্তু লক্ষ্য ছুঁতে যে চাই আরেক গোল। আর্লিং হলান্ডের নৈপুণ্যে শেষ মুহূর্তে সেটাও মিলে গেল। স্মরণীয় এক জয়ের সুবাদে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল নরওয়ে।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় পেয়েছে নরওয়ে। জোড়া গোল করে আরও একবার দলের নায়ক হলান্ড।

ডেনমার্কের বিপক্ষে প্রথম লেগেও একই ব্যবধানে জিতেছিল নরওয়ে। ছয় ম্যাচে এই দুই দলের পয়েন্ট সমান ৯, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গ্রুপ রানার্সআপ নরওয়ে।

একই সময়ে শুরু আরেক ম্যাচে ওয়েলসকে ৩-২ গোলে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পর্তুগাল। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে ওয়েলস।

নিজেদের গুছিয়ে নেয়ার আগেই, তিন মিনিটের মধ্যে দুই গোল হজম করে বসে নরওয়ে। একাদশ মিনিটে রাসমুস হয়লুন ডেনমার্ককে এগিয়ে নেয়ার পর, ব্যবধান বাড়ান পিয়ের-এমিল হয়বিয়া।

সেই ধাক্কা সামলে আক্রমণে জোর দেয় গত বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে খেলা নরওয়ে। ৩১তম মিনিটে প্রথম জালে বল পাঠান হলান্ড, কিন্তু ভিএআরে সেটা বাতিল হয়ে যায়। তার হাতে বল লেগেছিল।

ছয় মিনিট পরই অবশ্য একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আশা জাগায় নরওয়ে। প্রতিপক্ষ গোলরক্ষকের হাস্যকর ভুলে গোললাইনের সামনে একদম ফাঁকায় বল পেয়ে যান হলান্ড। জোরাল শটে ক্যারিয়ারের সবচেয়ে সহজ গোলগুলোর একটি করেন ম্যানচেস্টার সিটি তারকা।

চাপ ধরে রেখে ৭৪তম মিনিটে দ্বিতীয় গোল পাওয়ার খুব কাছাকাছি যায় নরওয়ে। কিন্তু এবার ভাগ্য সহায় হয়নি তাদের; দুরূহ কোণ থেকে ক্রিস্তোফের আয়ের শট পোস্টে লাগে।

আরও পড়ুন <> তরুণদের দাপটে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল

অনেক চেষ্টার পর ৮৩তম মিনিটে নরওয়ে সমতায় ফিরতে পারে, এবং এই গোলটিও তারা পায় প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্বলতায়। আন্দ্রেয়াস শেলদেরিপের শট পোস্টে লেগে ফেরার পর, ফাঁকায় পেয়ে শট নেন ওদেগোর। ঝাঁপিয়ে সেটা আটকালেও বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক, বল গড়িয়ে গোললাইন পেরিয়ে যায়।

চার মিনিট যোগ করা সময়ের শেষদিকে ডেনমার্কের ডি-বক্সে তাদের ডিফেন্ডার ইওয়াখিম অ্যান্ডারসনের হাতে বল লাগলে পেনাল্টি পায় নরওয়ে। আর দারুণ স্পট কিকে দলকে পরের ধাপের টিকেট পাইয়ে দেন হলান্ড।

জাতীয় দলের হয়ে হলান্ডের গোল হলো ৬৮টি, ৬১ ম্যাচে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়