Apan Desh | আপন দেশ

ফ্যাসিবাদ প্রতিরোধে যৌথভাবে মাঠে থাকবে সব দল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৩২, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৩২, ১৯ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদ প্রতিরোধে যৌথভাবে মাঠে থাকবে সব দল

ফাইল ছবি, আপন দেশ

ফ্যাসিবাদ মোকাবিলায় আবারও একই প্ল্যাটফর্মে আসছে সরকার ও বিরোধী দল। জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হলেও  আওয়ামী লীগ মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধ থাকবে। 

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এ প্রেক্ষাপটে সরকারি দল বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই সঙ্গে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সংসদ ও রাজপথ-উভয় ক্ষেত্রেই দীর্ঘদিন আওয়ামী লীগবিরোধী আন্দোলনে বিএনপি, জামায়াতসহ তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো একসঙ্গে আন্দোলন করেছে। সে ধারাবাহিকতায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলোও মনে করছে, এ মুহূর্তে ভিন্নমত ভুলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

এক সূত্রের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে উভয় নেতা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে একযোগে কাজ করার বিষয়ে মতৈক্য প্রকাশ করেন।

পরবর্তী সময়ে জাতীয় সংসদে দেয়া বক্তব্যেও তাদের এ অবস্থানের প্রতিফলন দেখা গেছে। দুই-এক দিনের মধ্যে জুলাই আন্দোলনে অংশ নেয়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে।
সম্প্রতি গোপালগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে শঙ্কা তৈরি হয়েছে।  

আরও পড়ুন<<>>‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ডিসেম্বরকে সামনে রেখে ভারতে অবস্থানরত দলের নেত্রীর নির্দেশে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। ইতোমধ্যে বিএনপির একাধিক এমপি, এনসিপির সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছড়াও আওয়ামী লীগের সন্ত্রাসী তাণ্ডবে এখন পর্যন্ত বিএনপির ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করার ওপর গুরুত্ব দিচ্ছে দলগুলো।

বিএনপির এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, রাজনীতিতে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদের জায়গা তৈরি হতে পারে। তবে হাসিনামুক্ত বাংলাদেশ গড়ার প্রশ্নে বিএনপি ও জামায়াতসহ সব গণতান্ত্রিক শক্তি একই অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যেই হোক, সব দল একসঙ্গে এ ফ্যাসিস্ট চক্রকে রাজপথে মোকাবিলা করবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন থাকলে পরাজিত শক্তি মাথাচাড়া দেয়ার সাহস পেত না। তবে দেশের মানুষ ফ্যাসিবাদকে রুখে দেয়ার বিষয়ে এখনো সম্পূর্ণ একতাবদ্ধ।

জামায়াতে ইসলামীর এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেয়া একটি নির্বাচিত সরকারের নৈতিক দায়িত্ব। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে স্বৈরাচারী দলটির সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই বরদাশত করা যায় না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়