ফাইল ছবি, আপন দেশ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) বিমলাংশু রায়কে ৫ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন বাংলাদেশ। তথ্য কমিশনের নির্দেশনা সত্ত্বেও আবেদনকারীর যাচিত তথ্য সরবরাহ না করায় জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি করে এ জরিমানা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শেখ আবু তাহের মো. আজরফ নামের এক অভিযোগকারী ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর তথ্য অধিকার আইন, ২০০৯-এর অনুযায়ী উক্ত কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ১৩টি বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেন। নির্ধারিত সময়ের মধ্যে যাচিত তথ্য না পেয়ে অভিযোগকারী ২০২৩ সালের ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল আবেদন করেন। সেখান থেকেও প্রতিকার না পেয়ে তিনি ২০২৪ সালের ৩০ জানুয়ারি তথ্য কমিশন বাংলাদেশে অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন<<>>সিদ্দিকুর রহমানসহ সাংবাদিকদের হুমকি দেয়া ডিআরইউ’র উদ্বেগ
পরবর্তীতে ২০২৪ সালের ২২ এপ্রিল অভিযোগটির শুনানি শেষে তথ্য কমিশন অভিযোগকারীকে যাচিত সব তথ্য সরবরাহের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে বিমলাংশু রায়কে নির্দেশ দেন। কিন্তু কমিশনের নির্দেশনা সত্ত্বেও যাচিত তথ্য সরবরাহ করা হয়নি। অভিযোগকারী পুনরায় তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন।
বৃহস্পতিবার তথ্য কমিশন বাংলাদেশে অভিযোগটির শুনানি হয়। শুনানি শেষে তথ্য অধিকার আইন অনুযায়ী যাচিত তথ্য সরবরাহ না করার তাকে এ জরিমানা করা হয়। একইসঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীর যাচিত তথ্য সরবরাহের নির্দেশ দেয় কমিশন।
উল্লেখ্য, তথ্য কমিশন বাংলাদেশে আজ দায়ের করা ছয়টি অভিযোগের শুনানি করে নিষ্পত্তি করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































