ছবি : সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর পল্টনের আইসিএবি মিলনায়তনে দিনব্যাপী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইনুল ইসলাম মিঠুন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
এতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড এ দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণ ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না। অথচ একটি সংগঠন রাষ্ট্রের আইন ও বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এটি রাষ্ট্রের জন্য যেমন উদ্বেগের, তেমনি সরকারের জন্যও কঠিন সতর্কবার্তা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতা, গোয়েন্দা তৎপরতার ঘাটতি এবং প্রশাসনিক সমন্বয়ের অভাবের সুযোগে একটি পরাজিত রাজনৈতিক শক্তি আবারও মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির সাহস পাচ্ছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে নৈরাজ্য, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো অপচেষ্টাকে রাজনৈতিক কর্মসূচির আড়ালে বৈধতা দেয়া যাবে না। যারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক পরিচয় নয়, কর্মকাণ্ডের ভিত্তিতেই আইনের আওতায় আনতে হবে।
আরও পড়ুন<<>>বিএনপির ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা
সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক তৎপরতা, অর্থনৈতিক নেটওয়ার্ক ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা কঠোরভাবে প্রতিহত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে এবং সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জনগণ শান্তি চায়, নিরাপত্তা চায়, একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থা চায়। সরকার জনগণের জানমাল ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তার রাজনৈতিক ও প্রশাসনিক দায় এড়ানোর সুযোগ নেই। কোনো অপশক্তির নৈরাজ্যের কাছে রাষ্ট্র জিম্মি হতে পারে না।
সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, ছাত্রলীগের যে আস্ফালন ও অপতৎপরতা আমরা দেখতে পাচ্ছি, তা কোনোভাবেই পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। অতীতে শিক্ষাঙ্গণে যে সন্ত্রাস, দখলদারিত্ব ও আধিপত্যের রাজনীতি কায়েম করা হয়েছিল, ছাত্রসমাজ সেই অন্ধকার অধ্যায়ে আর ফিরে যেতে চায় না।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































