Apan Desh | আপন দেশ

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪০, ১১ অক্টোবর ২০২৬

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

ছবি: আপন দেশ

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তৃণমূলের সঙ্গে সমন্বয় করেই এ প্রার্থী দেয়া হবে। এ কথা জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

একইসঙ্গে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখল কিংবা অন্যায় কাজে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

নুরুল ইসলাম মনি বলেন, সাধারণত স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। প্রকৃত জনসমর্থন রয়েছে, এমন প্রার্থীই যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেয়ার চেষ্টা করবে দল। এ জন্য তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কাঠামো কাজে লাগানো হবে।

তিনি বলেন, এবার দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না। বিএনপি চায়, নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

তৃণমূলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে দল কী ব্যবস্থা নেবে এমন প্রশ্নে নুরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তবে এখনো এ নিয়ে কোনো আলোচনা হয়নি।

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে এমপিদের সম্পৃক্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান নুরুল ইসলাম মনি।

আরও পড়ুন <<>> ভারতে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ‘ব্লক’

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং এমপিরা এ বিষয়ে কাজ করবেন।

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, চাঁদাবাজ ও দখলদারদের কোনোভাবেই বরদাশত করা হবে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করে পার পাবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। দলের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, বিষয়টি বৈঠকে আলোচনা না হলেও সরকার সচেতন রয়েছে। শ্রমিকদের জীবন ঝুঁকিতে না ফেলে নিরাপদে রাখার পাশাপাশি প্রয়োজনে তাদের সরিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও সরকারের রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়