Apan Desh | আপন দেশ

কলকাতায় তৃণমূলের সদর দফতর সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৫, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৩৫, ২৮ নভেম্বর ২০২৬

কলকাতায় তৃণমূলের সদর দফতর সিলগালা

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নির্মাণাধীন সদর দফতর সিলগালা করেছে দেশটির পুলিশ। ভবনটিতে রাজনৈতিক সভা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কলকাতা পৌর করপোরেশনের (কেএমসি) নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়। এ ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, নির্মাণাধীন ভবনটিতে রাজনৈতিক সভা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট দেখার পর পৌর করপোরেশন আনন্দপুর থানায় অভিযোগ জানায়। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি এবং এটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় সমাপ্তি সনদও (কমপ্লিশন সার্টিফিকেট) পাওয়া যায়নি। এমন ভবনে লোকজনের সমাগম হলে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ভবনটিতে যান। তারা প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করে সেখানে প্রবেশ সীমিত করেন। শুধু নির্মাণকাজে নিয়োজিত কর্মীদের প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান। তারা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশ জানায়, ভবনটির নির্মাণকাজ চলতে পারবে, তবে সেখানে রাজনৈতিক সভা বা সমাবেশ করা যাবে না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলটির পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন। নিরাপত্তার উদ্বেগের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, তৃণমূল নামে কোনো দল নেই। কোন তৃণমূল? ডি নাকি এম? নির্মাণাধীন ভবনে সভা চলার সময় ছাদ ধসে কেউ মারা গেলে এর দায় কে নেবে? শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকেই দায়ী করা হবে।

এ ঘটনায় কলকাতায় সাংগঠনিক সদর দফতর হিসেবে ব্যবহৃত দুটি ভবনের কোনোটিতেই প্রবেশাধিকার না থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির নতুন সমস্যায় পড়েছে।

আরও পড়ুন<<>> মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা নিহত ৩০

টপসিয়া রোডের ৩৬জি ঠিকানায় তৃণমূলের মূল সদর দফতরটি ২০০০ সালের শুরুর দিক থেকে চালু ছিল। ২০০২ সালের ২০ মে কার্যালয়টির উদ্বোধন করা হয়। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর পুরোনো ভবনটি ভেঙে সেখানে সাততলা নতুন সদর দফতর নির্মাণের সিদ্ধান্ত নেয় দলটির নেতৃত্ব। প্রায় তিন বছর ধরে ভবনটির পুনর্নির্মাণকাজ চলছে।

বিকল্প ব্যবস্থা হিসেবে ২০২২ সালের মে মাসে মেট্রোপলিটন এলাকার ক্যানাল সাউথ রোডে পাঁচতলা একটি ভবন ভাড়া নেয় দলটি। সেটিই দলের কার্যক্রম পরিচালনার সদর দফতর হয়ে ওঠে। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর জুলাই মাসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী ওই কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়।

গত কয়েক দিন ধরে তৃণমূলের আইটি সেল ও দলের অন্যান্য শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে টপসিয়ার নির্মাণাধীন ভবনে সভা করার প্রচার চালাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতেই পৌর করপোরেশন হস্তক্ষেপ করে।

শনিবার (২৮ নভেম্বর) ভবনটি পরিদর্শনে যান রাজ্যসভার সদস্য দোলা সেন। তিনি অভিযোগ করেন, পুলিশের এ পদক্ষেপের উদ্দেশ্য দলীয় সম্পত্তির নিয়ন্ত্রণ নেয়া।

দোলা সেন বলেন, প্রায় ৩০ বছর ধরে জায়গাটি আমাদের। এটি আমাদের সম্পত্তি এবং আমরা সংস্কার করছি। শুধু সমাপ্তি সনদ নেই বলে তারা কোনোভাবেই আমাদের প্রবেশ বন্ধ করতে পারে না।

বৈশ্বানর চট্টোপাধ্যায়ও পুলিশের ব্যারিকেড দেয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, দলীয় কর্মীরা শুধু নির্মাণকাজ তদারক করতে সেখানে যাচ্ছিলেন। এ বিধিনিষেধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়েও দলটি ভাবছে বলে জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইসির সঙ্গে ১৮ দলের মতবিনিময় রোববার মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা নিহত ৩০ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প