কুমিল্লা-২ আসনের তিতাসে সামাজিক অনুষ্ঠানে সেলিম ভূঁইয়ার সঙ্গে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম (বায়ে), সেলিম ভূঁইয়ার অফিসে রিপন মিয়া (ডানে)। ছবি সংগৃহীত
বিএনপির হাইকমান্ডের স্পষ্ট অবস্থান-ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি, ঘনিষ্ঠতা কিংবা সংশ্লিষ্টতার প্রমাণ থাকলে দলীয় পদ-পদবি দেয়া যাবে না। এ অভিযোগে দলীয় একাধিক নেতাকে বহিষ্কারও করা হয়েছে। অথচ কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিম ভূইয়ার বিরুদ্ধে উঠেছে সে সিদ্ধান্ত উপেক্ষার অভিযোগ।
আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতার টিকিট বাণিজ্যের গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। দলের কেন্দ্রীয় নীতির সঙ্গে স্থানীয় রাজনীতির এমন বিপরীতমুখী অবস্থান শুধু ত্যাগী নেতাকর্মীদের হতাশই করছে না, বিএনপির রাজনৈতিক ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলছে।
সেলিম ভূইয়া শিক্ষক নেতা হলেও ছাত্রদল, যুবদল না করে সরাসরি বিএনপির টিকিটে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের চেয়ারম্যান প্রার্থী করার তৎপরতা চলছে। এমনকি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রার্থিতার টিকিট দেয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ সত্য হলে তা কেবল দলীয় শৃঙ্খলার লঙ্ঘন নয়, দীর্ঘদিন নির্যাতন-নিপীড়নের শিকার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের রাজনৈতিক ত্যাগের প্রতিও চরম অবমূল্যায়ন।
অভিযোগ রয়েছে, এমপির প্রভাবের কারণে এলাকায় চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ বাধাগ্রস্ত হচ্ছে। অস্ত্র মামলাসহ একাধিক মামলা থাকা ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
সেলিম ভূঁইয়া এমপি নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন, হয়রানি, বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে মামলা দেয়ার উদ্যোগ নেয়ার অভিযোগ উঠেছে। এমনকি দলের পুরোনো নেতাদের অনেকেই তার কাছে রাজনৈতিকভাবে উপেক্ষিত ও কোণঠাসা হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতা। তার ভাই রিপন মিয়া যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রিপন মিয়া ২০২৫ সালের ৮ এপ্রিল চাইনিজ পিস্তলসহ গ্রেফতার হয়েছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ দুই ভাই এলাকায় প্রভাব বিস্তার ও ভীতিকর পরিবেশ তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
অথচ এমন বিতর্কিত ব্যক্তিদের সঙ্গেই বিএনপির এমপি সেলিম ভূইয়ার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি তাদের বাসা-বাড়িতে দাওয়াতে অংশ নিচ্ছেন। পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে সময় কাটাচ্ছেন। এসব অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে যাদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল, তারা আবারও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে প্রভাবশালী হয়ে উঠবেন কি না, সে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে অস্ত্র মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের সঙ্গে একজন এমপিরি ঘনিষ্ঠতার অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে।
স্থানীয় বিএনপির ত্যাগী নেতাদের অভিযোগ, সেলিম ভূইয়া তাদের সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি করে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে নতুন বলয় গড়ে তুলছেন। দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করা, মামলা-হামলা ও কারাবরণ করা নেতাকর্মীরা এখন তার কাছে উপেক্ষিত।
অন্যদিকে বিতর্কিত রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিরা পাচ্ছেন বিশেষ গুরুত্ব। এতে হোমনা-তিতাসে বিএনপির সাংগঠনিক ঐক্য ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
.jpg-1340150800.jpg)
ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে তিনি নিজেসহ দলের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। তাদের কারাবরণ করতে হয়েছে, সহ্য করতে হয়েছে পুলিশি নির্যাতন ও হয়রানি। অথচ আজ দলের এমপি সেলিম ভূইয়ার কাছে তাদের কোনো মূল্যায়ন নেই। দীর্ঘদিনের ত্যাগ ও রাজনৈতিক অবদান যেন এক মুহূর্তেই অস্বীকার করা হচ্ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার অভিযোগ উঠেছে সেলিম ভূইয়ার বিরুদ্ধে। এমনকি ঘরোয়া অনুষ্ঠানে তাকে নিয়ে বক্তব্যও দিয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীদের দাবি। এ ঘটনা কেন্দ্র করে এলাকায় বিএনপির ভেতরে বিভক্তি আরও গভীর হচ্ছে। যারা দীর্ঘদিন আওয়ামী লীগবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার এ প্রচেষ্টাকে কোনোভাবেই স্বাভাবিকভাবে দেখছেন না তৃণমূল নেতারা।
এ অবস্থায় সেলিম ভূইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কের ব্যাখ্যা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের স্বচ্ছতা নিশ্চিত করতে বিএনপির হাইকমান্ডের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে অস্ত্র মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
তাদের বক্তব্য, বিএনপি শুধু ক্ষমতার পালাবদলের রাজনীতি করতে চায় না; দলটি একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দিয়েছে। সে প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে হলে ত্যাগীদের অবমূল্যায়ন এবং বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগের বিরুদ্ধে দলকে দৃশ্যমান অবস্থান নিতে হবে। অন্যথায় হোমনা-তিতাসের স্থানীয় সংকট একসময় জাতীয় পর্যায়েও বিএনপির ভাবমূর্তির জন্য বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।
এ বিষয়ে জানতে এমপি সেলিম ভূইয়াকে শুক্রবার বিকেল ৫টা ৩৪ মিনিটে তার মোবাইল নম্বরে ০১৭৩৯ x x x ২৪৯ ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































