Apan Desh | আপন দেশ

‘বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে, জামায়াতের কেউ শপথ নেবে না’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে, জামায়াতের কেউ শপথ নেবে না’

ছবি : আপন দেশ

বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘বিএনপি যদি সংবিধান সংশোধনী পরিষদের শপথ না নেয়, তাহলে অভ্যুত্থানের পর যে সংস্কার আকাঙ্ক্ষা তা ব্যাহত হবে। আমরা জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা সংবিধান সংশোধনী পরিষদে শপথ না নিলে জামায়াতের কোনো এমপি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না।’

এ ছাড়া আলোচনা করে শপথের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পাবনা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল সংসদ সচিবালয়। তবে, বিএনপি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়ে দিয়েছে।
 
শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এ ছাড়া সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি।’

আরও পড়ুন : প্লট-ডিউটি ফ্রি গাড়ি না নেয়ার সিদ্ধান্ত বিএনপি এমপিদের

তিনি আরও বলেন, ‘গণভোটের রায় অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেয়াবেন, সেটা বিধান করতে হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়