Apan Desh | আপন দেশ

সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৮, ১৪ এপ্রিল ২০২৬

সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম 

এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবাই সবকিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে কিন্তু আমরা জনগণ সংস্কারটা পাইনি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে। কিন্তু জনগণের বাকি রয়ে গিয়েছে রক্তের দেনা, শোধ না হওয়া ঋণ। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ বলেন, পহেলা বৈশাখ আমাদের একটি আত্মপরিচয়ের দিন। আমাদের জাতিগত যে আত্মশিকড়, সে শিকড় অনুসন্ধানের দিন হচ্ছে পহেলা বৈশাখ। বঙ্গাব্দ শুরু হয় এ দিনের মধ্য দিয়ে, বৈশাখের প্রথম দিনের মধ্য দিয়ে। আমরা আজকের দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংস্কৃতিক সেলের পক্ষ থেকে ক্ষুদ্র আয়োজন করেছি। যেখানে গান উৎসব হচ্ছে, র‍্যালি হয়েছে, ছোট ছোট দোকান ও স্টল দেয়া হয়েছে। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ও সমর্থক এখানে আসছেন, আপনাদেরকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই বৈষম্যহীন যে নতুন দেশের জন্য আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে- সে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব। আমরা আজকের দিনে স্মরণ করছি আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সারথি শরীফ ওসমান হাদীকে, যিনি পহেলা বৈশাখ নববর্ষ অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করতেন ইনকলাব মঞ্চ থেকে। 

আরও পড়ুন<<>>বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে: প্রধানমন্ত্রী

সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, পহেলা বৈশাখে হালখাতা খোলা হয়, যেখানে সব বকেয়া পরিশোধ করা হয়। আমরা চাই জাতীয় জীবনে আমাদের যত বকেয়া রয়েছে, সে বকেয়া যেন পরিশোধ করা হয়- এটা সরকারের প্রতি আমাদের আহবান। সে বকেয়া হচ্ছে জুলাই সনদ। গণঅভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে; সবাই সবকিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে কিন্তু আমরা জনগণ সে সংস্কারটা পাইনি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে; জনগণের কিন্তু বাকি রয়ে গিয়েছে রক্তের দেনা, রক্তের শোধ না হওয়া ঋণ।

নাহিদ উসলাম বলেন, আজকের দিনে আমাদের কমিটমেন্ট, নতুন বছর শুরু হচ্ছে, এ নতুন বছরে আমরা সে বকেয়া পরিশোধ করব। জনগণের যে আত্মত্যাগ, তরুণ প্রজন্মের আত্মত্যাগ, জুলাইয়ের যে সনদ- সে সনদকে যারা নানাভাবে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অশ্রদ্ধা করছে কিংবা গণভোটের রায় মানতে চাচ্ছে না; আমরা তাদেরকে বলতে চাই যে, অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা (বিএনপি) বাতিল করে জনগণের সঙ্গে বেইমানি করেছে। আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেগুলোকে বিল এনে আইনে পরিণত করা হবে। আপনারা অলরেডি দেখেছেন যে মানবাধিকার কমিশন ও গুম কমিশনের সব সদস্যরা পদত্যাগ করেছেন। অর্থাৎ, যে প্রতিষ্ঠানগুলোকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বাধা আসছে। আমাদের সাংস্কৃতিক জায়গাতেও প্রতিষ্ঠানগুলোর যেমন দলীয়করণ হয়েছিল, প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজম প্রতিষ্ঠায় ব্যবহার করা হয়েছিল, একইভাবে আমাদের উৎসব পহেলা বৈশাখকেও দলীয়করণ করা হয়েছিল। এখন কিন্তু আমরা সে উৎসবগুলোকেও নাগরিক উৎসব হিসেবে উদযাপন করার চেষ্টা করছি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়