ছবি: সংগৃহীত
দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, একক দল হিসেবে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। মিত্রদের ৩টি আসনসহ তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২-তে।
নির্বাচন কমিশনের ঘোষিত ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়ে সংসদে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে যাচ্ছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। নতুন সরকারের শপথের মধ্য দিয়ে অবসান ঘটছে ড. মুহাম্মদ ইউনূসের ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান এবারই প্রথম নির্বাচনে অংশ নেন। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬—উভয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর ৯ জানুয়ারি তিনি দলের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
১৭ বছরের নির্বাসন শেষে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তিনি। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। ১৯৯৩ সালে তৃণমূল রাজনীতিতে গোপন ব্যালটে নেতা নির্বাচনের পদ্ধতি প্রবর্তন করে তিনি চমক সৃষ্টি করেছিলেন। এবার জনগণের সরাসরি ভোটে বিজয়ী হয়ে তিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































