ফাইল ছবি, আপন দেশ
পঞ্চগড়ে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাজ। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় ঝড়ো হাওয়া। মুহূর্তেই বজ্রসহ ভারী বৃষ্টি এবং সে সঙ্গে বড় বড় শিলা পাথর পড়তে শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় দমকা হাওয়ার সঙ্গে তীব্র ঝড়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঝড়ের তীব্রতায় অনেক কাঁচা ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। বিভিন্ন এলাকায় গাছপালাও উপড়ে পড়েছে। কিছু কিছু স্থানে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার খবরও পাওয়া গেছে।
আরও পড়ুন<<>>‘ফ্যামিলি কার্ড’ দেয়ার নামে প্রতারণা, আটক ২
কৃষকরা জানান, এ সময় বোরো ধান ও মরিচ সহ বিভিন্ন মৌসুমি ফসল মাঠে থাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ধান, ভুট্টা ও সবজিক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আর মাত্র কয়েক দিন পড়ই ক্ষেত থেকে গম কেটে ঘরে তোলার অপেক্ষা করছিলেন। তবে ঝড়ের তাণ্ডবে গমেরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
পঞ্চগড় সদর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
আকস্মিক এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































