ছবি : আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বি ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। এসময় জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশের চেষ্টা করেছন একজন।
শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১১ টা ৬ মিনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ওই পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুচলেকা নিয়ে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়া হয়।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সকাল ১১ টা থেকে গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। ১১:০৬ মিনিটে ইবনে সিনা বিজ্ঞান ভবনে সানজানা ইসলাম নামের এক পরীক্ষার্থী প্রবেশের চেষ্টা করেন। কিন্তু তার প্রবেশপত্রে থাকা কেন্দ্রের নাম, রুম নম্বার ও ছবি দেখে কর্তব্যরত শিক্ষক এবং বিএনসিসি ও রোভার স্কাউটসদের সন্দেহ হওয়ায় তাকে আটকে দেয়। তাৎক্ষণিক যাচাই-বাছাই শেষে তার প্রবেশপত্রটি জাল প্রমাণিত হলে তাকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অধিকতর যাচাই-বাছাই শেষে তার প্রবেশপত্র জাল বলে শনাক্ত করে।
আগত ওই ভর্তিচ্ছুর সাথে কথা বলে জানা যায, তার নাম সানজানা ইসলাম, বাসা কুষ্টিয়ার কুমারখালীতে। তিনি এর আগে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে তিনি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন না করে একটি স্থানীয় কম্পিউটার দোকান থেকে আবেদন করেছিলেন। দোকানদারের কথা অনুযায়ী নাম, ছবি, অভিভাবকদের নামসহ অন্যান্য তথ্য সরবরাহ ও চাহিদামতো অর্থ প্রদান করলেও ওই কম্পিউটার দোকানদার তাকে প্রতারিত করেছে বলে অভিযোগ তোলেন তিনি।
আরও পড়ুন <<>> ইস্টার সানডেতে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান জানান, তার এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং আজকের প্রবেশপত্র শেষে আমরা এটা নিশ্চিত হয়েছি যে তার প্রবেশপত্রটি জাল। তবে অপর কোন পরীক্ষার্থীর প্রক্সি হিসেবে পরীক্ষা দিতে আসার কোন প্রমাণ পাওয়া যায়নি। তারে এসএসসি ও এইচএসসির ছবি এবং এ প্রবেশপত্রের ছবি একই এবং তিনি নিজে এখানে উপস্থিত। এছাড়া তার সাথে কথাবার্তা বলে মনে হচ্ছে সে নিজেও প্রতারণা শিকার। তাই বাংলাদেশের পাবলিক পরীক্ষা আইন, ১৯৮২ অনুযায়ী তাকে ভবিষ্যতে আর এখনও এমন কর্মকাণ্ড করবেন না মর্মে মুচলেকা নিয়ে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































