Apan Desh | আপন দেশ

ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে বিসিসিআইকে বিসিবির চিঠি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৪, ৩ এপ্রিল ২০২৬

ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে বিসিসিআইকে বিসিবির চিঠি

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে চলা অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়ন কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি।

ভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুই বোর্ডের মধ্যে ফাটল চলতি বছরের শুরুতে সৃষ্টি হয়। কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল এবং কূটনৈতিক সংবেদনশীলতার কারণে সম্পর্ক জটিল হয়ে ওঠে। এর প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। হাইব্রিড মডেলের দাবি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত মূল পর্ব থেকে সরে দাঁড়ায়  বাংলাদেশ।

ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর বিসিবি বাস্তবমুখী অবস্থানে ফিরে আসতে চাইছে। চিঠিতে তারা মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছে।

প্রথমত, গত সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের জন্য নির্ধারিত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ পুনরায় আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। এটি বিসিসিআই আগে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। দ্বিতীয়ত, আগামী বছরের ভারতের সম্ভাব্য সফর নিয়েও পুনরায় আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ।

আরও পড়ুন <<>> শিরোপা যুদ্ধে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

তৃতীয়ত, আগামী বছর এশিয়া কাপ আয়োজনের স্বত্ব বাংলাদেশের হাতে থাকায় ভারতের অংশগ্রহণ নিশ্চিত করাও বিসিবির জন্য গুরুত্বপূর্ণ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি বন্ধুত্বের হাত বাড়ালেও বিসিসিআই এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বা ভেন্যু চূড়ান্ত করা সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের ইতিবাচক সংকেত না পাওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়া হবে না।

বর্তমানে বাংলাদেশ দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের প্রস্তুতি নিচ্ছে। উভয় দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। সিরিজটি ১৭ তারিখে প্রথম ওয়ানডের মাধ্যমে শুরু হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়