ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে পদত্যাগ করে তাৎক্ষণিক অবসরে যেতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার (০২ এপ্রিল) পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানান, জর্জ অবিলম্বে সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফের পদ থেকে অবসর নিচ্ছেন।
সাধারণত সেনাবাহিনীর প্রধান চার বছরের জন্য দায়িত্ব পালন করেন। ক্যারিয়ার সামরিক কর্মকর্তা জর্জ ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়নে এ পদে আসীন হন। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্ট থেকে স্নাতক এবং প্রথম উপসাগরীয় যুদ্ধসহ ইরাক ও আফগানিস্তানের বিভিন্ন সংঘাতে ইনফ্যান্ট্রি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কেন তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে সিবিএসকে এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার দীর্ঘ সেবার জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু সেনাবাহিনীতে নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে।
আরও পড়ুন<<>>জনবল সংকটে ইসরায়েলের সেনাবাহিনী
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। এ প্রেক্ষাপটেই সামরিক নেতৃত্বে এ পরিবর্তন। পেন্টাগনের মুখপাত্র পারনেল আরও বলেন, জেনারেল জর্জের কয়েক দশকের সেবার জন্য প্রতিরক্ষা দফতর কৃতজ্ঞ। আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানেভ অস্থায়ীভাবে নতুন আর্মি চিফ অব স্টাফের দায়িত্ব নেবেন। পারনেল তাকে 'অভিজ্ঞ ও যুদ্ধপরীক্ষিত নেতা' হিসেবে উল্লেখ করে বলেন, প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নে তার ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে।
এদিকে, ওয়েস্ট পয়েন্ট সামরিক একাডেমি সম্প্রতি জর্জের সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাতের কিছু ছবি প্রকাশ করে জানায়, তিনি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত ক্যাডেটদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
প্রতিরক্ষা দফতরে যোগদানের পর থেকেই হেগসেথ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণ করেছেন। এর মধ্যে নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর ভাইস চিফ অব স্টাফসহ ডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































