Apan Desh | আপন দেশ

অনলাইন শিক্ষায় জামায়াতের বিরোধীতা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৫, ২ এপ্রিল ২০২৬

অনলাইন শিক্ষায় জামায়াতের বিরোধীতা

ফাইল ছবি

দেশের মহানগরগুলোর স্কুল-কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তকে ‘অপরিণামদর্শী’ ও ‘আত্মঘাতী’। এ মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া অনলাইন ক্লাস চালু করলে তা শিক্ষার্থীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

গত ৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকাসহ দেশের সব মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষার্থীদের ওপর এ ব্যবস্থা চাপিয়ে দেয়া হচ্ছে, যা জাতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে পারে।

তিনি দাবি করেন, অনলাইন শিক্ষাব্যবস্থার কারণে দরিদ্র শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যয়ের কারণে পিছিয়ে পড়ে। পাশাপাশি স্মার্টফোন ব্যবহারের সুযোগ বাড়ায় শিক্ষার্থীদের মধ্যে আসক্তি ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকি তৈরি হয়। এতে শ্রেণিকক্ষভিত্তিক পড়াশোনা ব্যাহত হয়ে শিক্ষার মানও কমে যায়।

করোনাকালে অনলাইন শিক্ষার নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনে দেখা গেছে, সে সময় শিক্ষার্থীদের শেখার সক্ষমতা কমেছে এবং ঝরে পড়ার হার বেড়েছে। বিশেষ করে প্রান্তিক এলাকার শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাব্যবস্থার সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সরকারের উচিত শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া।

বিবৃতিতে তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে সব শিক্ষার্থীর জন্য নিয়মিত সশরীরে পাঠদান নিশ্চিত করার আহবান জানান।

অন্যথায় এর দায়ভার সরকারকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়