Apan Desh | আপন দেশ

১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৩, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১২:৪৬, ৩০ মার্চ ২০২৬

১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকাল সোয়া ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ প্রথম দফায় ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মাঝে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রমেরও সূচনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়।

এবারের ক্রীড়া ভাতা কর্মসূচি বেতন কাঠামোর আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।

প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়া হয়েছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও প্রদান করা হয়েছে। প্রত্যেককে দেয়া হবে মাসিক ১ লাখ টাকা। 

খুব শিগগিরই এ সংখ্যা বাড়ানো হবে। এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন ডিসিপ্লিন থেকে আরও খেলোয়াড় যুক্ত করা হবে বলে জানানো হয়েছে, যেখানে প্রাথমিকভাবে প্রায় ৫০০ ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তুলনামূলকভাবে আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় ক্রিকেটারদের এ তালিকায় রাখা হয়নি বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

২০২৫ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাওয়া এসব খেলোয়াড় বিভিন্ন ডিসিপ্লিন থেকে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছে আর্চারি, বক্সিং, যোগা, জিমন্যাস্টিকস, সাঁতার, অ্যাথলেটিকস, কারাতে, সেপাক টাকরো, ফুটসাল, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টনসহ আরও অনেক ইভেন্ট। বিশেষ গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে প্যারা-অ্যাথলেটদেরও, যারা সাম্প্রতিক সময় আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছেন।

আরও পড়ুন<<>>ব্রাজিলের পর কলম্বিয়াকে উড়িয়ে দিল ফ্রান্স 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারগুলোকে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করা। খেলাধুলা যখন পেশা হবে, তখন পরিবারেও নিরাপত্তা আসবে। সে লক্ষ্য নিয়েই আমরা জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনছি, বলেন তিনি।

সব খেলোয়াড়ের জন্য ভাতার পরিমাণ সমান থাকবে, যদিও নির্দিষ্ট অঙ্কটি উদ্বোধনী অনুষ্ঠানেই ঘোষণা করা হবে। প্রতি চার মাস অন্তর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে, যা তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

নির্বাচন প্রক্রিয়া নিয়েও স্বচ্ছতার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তার ভাষায়, আমাদের কাছে সব খেলাই সমান গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমেই খেলোয়াড় নির্বাচন করা হয়েছে এবং সবাই সমান সম্মান ও সুবিধা পাবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement