ছবি: আপন দেশ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে সরকার জনবিরোধী অবস্থান গ্রহণ করেছে। অন্যদিকে, বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করে সংকট তৈরি করছে।
শুক্রবার (০৩ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি দেশের বর্তমান জ্বালানি সংকট, শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন।
স্কুল বন্ধ করে অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, এটি সরকারের নির্বুদ্ধিতার প্রকাশ। শিশুরা ইতিমধ্যেই ডিভাইসের প্রতি আসক্ত, অনলাইন ক্লাসের নামে তাদের হাতে ডিভাইস ধরিয়ে দিলে আসক্তি আরও বেড়ে যাবে। তিনি অবিলম্বে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনঃচলুর দাবি জানিয়েছেন।
দেশের অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার লুকোচুরি করছে। সরকারের কথাবার্তা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। লুকোচুরি না করে সত্য জনগণের সামনে তুলে ধরুন।
আরও পড়ুন <<>> মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর
তিনি বলেন, বিএনপি গণভোটের রায় অস্বীকার করে ফ্যাসিবাদী কাঠামোর দিকে ফিরে যেতে চায়। তিনি যুবসমাজকে মনে করিয়ে দেন, গণঅভ্যুত্থান এখনও জীবিত, অধিকার কেড়ে নেয়ার সুযোগ কাউকেই দেয়া হবে না। আন্দোলন হবে নিয়মতান্ত্রিক ও কঠোর, তবে বিশৃঙ্খলা বা সহিংসতা করলে জবাবও কঠোর হবে।
সমাবেশে তিনি সরকারের প্রতি সতর্ক বার্তা দেন, সব জায়গায় দলীয় লোক ও ‘হেরে যাওয়া’ ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে, যার কারণে নিরপেক্ষতা হারানো হয়েছে। জনগণের দাবি আদায়ে দেশপ্রেমিক যুবসমাজকে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিরোধী দলীয় এ নেতা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































