Apan Desh | আপন দেশ

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের কর্মকৌশল গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৭, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৩০, ৩ এপ্রিল ২০২৬

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের কর্মকৌশল গ্রহণ

ফাইল ছবি

বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের জন্য বাংলাদেশ সরকার নতুন সমন্বিত কর্মকৌশল গ্রহণ করেছে। এতে প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (০২ এপ্রিল) ঢাকায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেছেন।

নাসিমুল গনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে প্রভাব পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় অর্থ বিভাগের প্রণীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বিত কর্মপরিকল্পনায় কৃষি সেচ, সারের উৎপাদন ও সুষ্ঠু বিতরণ, শিল্প উৎপাদন ও প্রবৃদ্ধি বজায় রাখার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ অগ্রাধিকার ভিত্তিতে অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আগামী তিন মাসে দেশব্যাপী সব প্রকার আলোকসজ্জা পরিহার করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজনীয় ক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৪টা, ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। জরুরি সেবা ব্যতীত সব অফিস, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অংশীজনের সঙ্গে আলোচনার পর পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে।

জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশ দূষণ হ্রাসের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে আমদানি অনুমোদন করা হয়েছে। অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক ধার্য করা হবে। কালো ধোঁয়া নির্গমনকারী এবং মেয়াদ উত্তীর্ণ যানবাহন ধাপে ধাপে সড়ক থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি পরিচালন ব্যয় হ্রাসকল্পে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি কার্যক্রমে গাড়ির জন্য বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম গ্রহণ করবেন। এছাড়া সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ এবং বিদেশি প্রশিক্ষণ বন্ধ থাকবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ হ্রাস করা হবে।

আরও পড়ুন <<>> দেশে আসছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

সভা ও সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ, সেমিনার-কনফারেন্স ব্যয় ২০ শতাংশ, ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ হ্রাস করতে হবে। সরকারি গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় শতভাগ, সরকারি গাড়িতে বরাদ্দকৃত জ্বালানি ৩০ শতাংশ হ্রাস করা হবে। সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমানো হবে।

আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ, অনাবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ এবং ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ হ্রাস করা হয়েছে।

এছাড়া সভায় ‘The Public Examinations (Offences) (Amendment) Act, 2026’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়