ছবি: সংগৃহীত
চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ইরানের ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধের ইতি টানার আহবান জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি মনে করেন, একটি বাস্তবসম্মত সমঝোতার মাধ্যমে বর্তমান সংঘাতের অবসান সম্ভব। একই সঙ্গে ভবিষ্যতের সংঘাতের ঝুঁকিও কমানো যেতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেইন এফেয়ার্সের প্রকাশিত এক নিবন্ধে জারিফ এ প্রস্তাব তুলে ধরেন। সেখানে তিনি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা কমাতে একটি সুস্পষ্ট রূপরেখা দেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
জারিফ বলেন, ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার প্রস্তাব দিতে পারে। এর বিনিময়ে দেশটির পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো যেতে পারে। অতীতে ওয়াশিংটন এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বর্তমান পরিস্থিতিতে নতুন করে বিবেচনার সুযোগ রয়েছে।
আরও পড়ুন <<>> বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে যা বললেন পল কাপুর
এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পারস্পরিক আক্রমণ না করার নীতি’তে পৌঁছানোর কথাও বলেন তিনি। এ ধরনের চুক্তি হলে ভবিষ্যতে দুই দেশ একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না—এমন নিশ্চয়তা তৈরি হবে।
জারিফ আরও প্রস্তাব দেন, দুই দেশের জনগণের স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা উচিত। এতে উভয় পক্ষই লাভবান হতে পারে এবং উত্তেজনা কমতে পারে।
তার মতে, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে ইরান তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ অনেকটাই কমাতে পারবে। তখন দেশটি অভ্যন্তরীণ উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে বেশি মনোযোগ দিতে সক্ষম হবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ইরানের জন্য একটি নতুন ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথ তৈরি করতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































