নজরুল ইসলাম খান। ছবি: আপন দেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কৃষিমন্ত্রী নজরুল ইসলাম খান বলেছেন, স্বাধীনতা শুধু একটি ভূখণ্ডের নাম নয়; বরং সে ভূখণ্ডে বসবাসকারী মানুষের অধিকার ও মুক্তির নিশ্চয়তাই প্রকৃত স্বাধীনতা। স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণ বিজয়ী হয়েছে, এখন এ বিজয়ের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেয়া জরুরি।
শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমানই প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেছিলেন। এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা তুলে ধরেন।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি করলেও বাস্তবে তাদের হাতেই বারবার গণতন্ত্র ক্ষুণ্ন হয়েছে। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন <<>> শহীদ জামালের কন্যার বিয়ে, ঢাবিতে উত্তীর্ণ জপেলকে প্রধানমন্ত্রীর উপহার
২০২৪ সালের গণঅভ্যুত্থান ও সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এসেছে এবং জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। জনগণ বিএনপি এবং এর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব গ্রহণ করেছে।
সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের জন্য কার্ড, ফ্যামিলি কার্ডসহ নানা উদ্যোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। এসব উদ্যোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































