Apan Desh | আপন দেশ

আদর্শের প্রশ্নে আপসহীন বীর মুক্তিযোদ্ধা মীর শওকত আলী

মাহমুদ হাসান

প্রকাশিত: ০০:২০, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২৪, ২০ নভেম্বর ২০২৬

আদর্শের প্রশ্নে আপসহীন বীর মুক্তিযোদ্ধা মীর শওকত আলী

প্রয়াত মীর শওকত আলী

দিনটি ছিল ২০১০ সালে ২০ নভেম্বর শনিবার। সন্ধ্যায় সবে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দিনের কর্মসূচী অনুযায়ী কাজ শুরু করেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।

এমন সময় পেলেন মীর শওকতের মৃত্যুর খবর। বেগম খালেদা জিয়া দলীয় সকল কর্মসূচি স্থগিত রেখে উপস্থিত সবাইকে নিয়ে ততক্ষনাৎ মীর শওকতের বাসায় গিয়েছিলেন। লাশের সামনে দাড়িয়েই বেগম খালেদা জিয়া তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা ও বিএনপি নেতা এম এ কাইয়ুমকে দলীয় সর্ব্বোচ্চ মর্যাদায় জানাজা ও দাফন কাজ সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিলেন।

এ ঘটনা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সাথে মীর শওকতের পারস্পরিক শ্রদ্ধা ও সম্পর্কের গভীরতাও প্রমান করে।

বাংলাদেশের ইতিহাসে কিছু মানুষ থাকেন, যাঁদের পরিচয় কেবল তাঁদের পদ-পদবি কিংবা রাজনৈতিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁদের জীবন, সাহস, দেশপ্রেম এবং আদর্শের প্রশ্নে আপসহীন অবস্থান ইতিহাসের গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকে। লে. জেনারেল (অব.) মীর শওকত আলী বীর উত্তম তেমনই একজন ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, সম্মুখযুদ্ধের সেনানায়ক, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সংগঠক এবং জাতীয়তাবাদী রাজনীতির এক সাহসী নেতা। দু’বার রাষ্ট্রপতি পদক ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন বিরল ব্যক্তিত্ব।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৫ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে মীর শওকত আলী অসামান্য বীরত্বের পরিচয় দেন। সিলেট অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালনায় তাঁর নেতৃত্ব ছিল অত্যন্ত বীরত্বগাথা ও সাহসী।  স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা এই মানুষটি পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ইতিহাসেও রেখেছেন গুরুত্বপূর্ণ স্বাক্ষর।

স্বাধীনতার পর সামরিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা নগরীর উন্নয়নেও তিনি ভূমিকা রাখেন। কিন্তু তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়গুলোর একটি হলো স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলন। বিএনপিতে যোগ দিয়ে ঢাকায় অবতরণ করে বিমানবন্দরেই তিনি ঘোষণা দিয়েছিলেন, জেনালের এরশাদকে ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করাবেন। ঢাকা মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব নিয়ে তিনি সেই আন্দোলনে নেতৃত্ব দেন। ঢাকা মহনগরীকে বিএনপির দূর্গে পরিনত করেন। শেষ পর্যন্ত ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে এরশাদের পতন ঘটে। এটি ছিল তাঁর রাজনৈতিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পরবর্তী সময়ে বিএনপি সরকারের মন্ত্রী এবং দলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু ক্ষমতা, পদের চেয়েও তাঁর কাছে বড় ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও দলের রাজনৈতিক আদর্শ।

এই আদর্শিক অবস্থানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রকাশ ঘটে তৎকালীন জামায়াতে ইসলামী বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির রাজনৈতিক জোট গঠনের প্রশ্নে। মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালনকারী এই দলের সঙ্গে বিএনপির জোট মেনে নিতে পারেননি মীর শওকত আলী। প্রতিবাদ জানিয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি বলে রাজনৈতিক অঙ্গনে আলোচিত রয়েছে।

পদত্যাগপত্র হস্থান্তরের সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মীর শওকতের পদত্যাগপত্রটি সেদিন বেগম খালেদা জিয়া তাঁর ভ্যানিটি ব্যাগে নিয়ে রেখেছিলেন। পরবর্তীতে তা আর কখনো কার্যকর হয়নি। সে সময় তিনি, নেত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘সবসময় জিয়া পরিবারের পাশে থাকব।’ সেকথা অনুযায়ী ১/১১ সরকারের সময় তিনি বিএনপি ও জিয়া পরিবারের পাশেই শুধু দাঁড়াননি, সংস্কারের নামে যারা দল দলে ছেড়ে গিয়েছিলেন ও বহিষ্কার হয়েছিলেন বিভিন্ন টক শো ও আলোচনাসভায় কড়া ভাষায় তাদের সমলোচনা করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। 

বিএনপি জোটে জামায়াতের যোগদানের প্রতিবাদে দল থেকে পদত্যাগ করে মুক্তিযুদ্ধের ইতিহাস ও নিজের বিবেকের প্রতি দায়বদ্ধ থাকতে চেয়েছিলেন বলে মীর শওকত জীবদ্দশায় নানা আলোচনায় জানিয়েছিলেন। 

দেশের চলমান রাজনীতির দিকে তাকালে মীর শওকত আলীর সেদিনের ’আপত্তি’র রাজনৈতিক তাৎপর্য নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।  জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক দলটির নিজস্ব আদর্শিক অবস্থান, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার এবং রাজনৈতিক ভবিষ্যতের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, সেই প্রশ্ন এখন আরও প্রাসঙ্গিক। একসময় যে আশঙ্কার কথা মীর শওকত ব্যক্ত করেছিলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা নতুন করে পর্যালোচনার দাবি রাখে।

তাঁর রাজনৈতিক অবস্থান থেকে বিএনপির জন্য একটি বড় বার্তা হলো,  ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকার কৌশল কখনোই আদর্শের বিকল্প হতে পারে না। মুক্তিযুদ্ধের ঘোষকের প্রতিষ্ঠিত ও হাজার হাজার মুক্তিযোদ্ধাদের দল বিএনপির জন্য স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে সম্পর্কের প্রশ্নটি নিছক নির্বাচনী সমীকরণ নয়; এটি ইতিহাস, আত্মপরিচয় ও নৈতিকতার প্রশ্ন।

মীর শওকত আলী হয়তো আজ আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর জীবন  মনে করিয়ে দেয়, প্রকৃত রাজনৈতিক নেতৃত্বের পরিচয় শুধু ক্ষমতা অর্জনে নয়, প্রয়োজনে আদর্শের পক্ষে দাঁড়ানোর সাহস ও দৃঢ়তা।

মীর শওকত আলী তাই শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নন, তিনি রাজনৈতিক আদর্শ ও আত্মমর্যাদার প্রশ্নে আপসহীন থাকার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ইতিহাসের কাছে তাঁর এই অবস্থান স্মরণীয় হয়ে থাকবে।

আজ ২০ নভেম্বর। বাংলার এই সাহসী সন্তানের ১৬তম মৃত্যু বার্ষিকী। 

লেখক: মাহমুদ হাসান, বার্তা প্রধান, গ্রিন টিভি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়